পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ৯ শতাংশের বেশি কমেছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির মোট ১০ কোটি ৪৮ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে এ লেনদেন ছিল ২ কোটি ৯ লাখ ৭২ হাজার ৪০০ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, গত সপ্তাহের শুরুতে ব্যাংকটির শেয়ারদর ছিল ১৪ টাকা ১০ পয়সা। সপ্তাহ শেষে এ দর কমে দাঁড়িয়েছে ১২ টাকা ৮০ পয়সায়। সে হিসাবে আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ২২ শতাংশ। গত এক বছরে শেয়ারটির দর ১২ টাকা ৩০ থেকে ১৪ টাকা ৩০ পয়সার মধ্যে ওঠানামা করেছে। 

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রিমিয়ার ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫৯ পয়সা। গত ৩১ মার্চ শেষে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ২৮ পয়সা। 

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য মোট ২০ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে ব্যাংকটির পর্ষদ। এর মধ্যে সাড়ে ১২ শতাংশ নগদ ও সাড়ে ৭ শতাংশ স্টক লভ্যাংশ। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ১৪ জুন বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে ব্যাংকটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ২৩ মে। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ৪২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৮৬ পয়সা (পুনর্মূল্যায়িত)। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ২১ টাকা ৬৪ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৯ টাকা ৪৯ পয়সা (পুনর্মূল্যায়িত)।