চলতি ২০২১-২২ মৌসুমে (সেপ্টেম্বর-আগস্ট) যুক্তরাষ্ট্রের ভুট্টা ও সয়াবিনের বাম্পার ফলন হতে পারে। গত সপ্তাহে এক পূর্বাভাসে এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয় (ইউএসডিএ)। খবর প্লাটস।

২০২১-২২ মৌসুমে যুক্তরাষ্ট্রে ভুট্টা উৎপাদন হতে পারে ১ হাজার ৫১৫ কোটি বুশেল (১ বুশেল = ৬০ পাউন্ড), যা ২০২০-২১ মৌসুমের ১ হাজার ৪১৮ কোটি বুশেলের চেয়ে ৬ দশমিক ৮ শতাংশ বেশি। এছাড়া সয়াবিন উৎপাদন ৯ দশমিক ৪ শতাংশ বেড়ে ৪৫২ কোটি ৫০ লাখ বুশেলে দাঁড়াতে পারে।

চলতি মৌসুমে ভুট্টা আবাদ ১২ লাখ একর বেড়ে দাঁড়িয়েছে ৯ কোটি ২০ লাখ একর। সয়াবিন চাষ ৬৯ লাখ একর বেড়ে দাঁড়িয়েছে ৯ কোটি একরে।

স্বাভাবিক আবহাওয়া বিরাজ করায় উচ্চফলনের আশা করা হচ্ছে। ইউএসডিএর পূর্বাভাস, চলতি মৌসুমে একরপ্রতি ১৮০ বুশেল ভুট্টা উৎপাদন হতে পারে, যা ২০২০-২১ মৌসুমের চেয়ে ৪ দশমিক ৪ শতাংশ বেশি। অন্যদিকে সয়াবিন উৎপাদন ১ দশমিক ২ শতাংশ বেড়ে একরপ্রতি ৫০ দশমিক ৮ বুশেলে দাঁড়াতে পারে। চলতি মৌসুমে যুক্তরাষ্ট্রের ভুট্টা রফতানি হতে পারে ২৬৫ কোটি বুশেল। গত মৌসুমে যেখানে রফতানি হয়েছিল ২৬০ কোটি বুশেল। ভুট্টা রফতানি কিছুটা বাড়লেও সয়াবিন রফতানি বছরওয়ারি ২ দশমিক ২ শতাংশ কমে ২২০ কোটি বুশেলে দাঁড়াতে পারে।