আন্তর্জাতিক বাজারে বেড়েছে তামার দাম। জোরদার চাহিদার কারণে গতকাল সর্বশেষ কার্যদিবসে ব্যবহারিক ধাতুটির মূল্য বৃদ্ধি পায়। খবর দি ইকোনমিক টাইমস ও রয়টার্স।

মার্কিন শ্রম বিভাগের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত মাসে যুক্তরাষ্ট্রে সাড়ে আট লাখ কর্মসংস্থান বেড়েছে, যা প্রত্যাশার চেয়েও বেশি। করোনা মহামারীর প্রভাব কাটিয়ে যুক্তরাষ্ট্রের অর্থনীতি টেকসই হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছে এ প্রতিবেদন। প্রতিবেদনটি প্রকাশ হওয়ার পরই বাড়তে থাকে তামার দাম।

লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তামার তিন মাসের ভবিষ্যৎ সরবরাহ চুক্তিমূল্য ১ দশমিক ৪ শতাংশ বেড়েছে। দিনের শুরুতে ধাতুটির দাম উঠেছে টনপ্রতি ৯ হাজার ৫০৫ ডলার পর্যন্ত। এদিকে সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে (এসএফই) আগস্টে সরবরাহের জন্য সর্বাধিক লেনদেন হওয়া তামার দাম বেড়েছে ১ দশমিক ৭ শতাংশ। কার্যদিবস শেষে পণ্যটির দাম উঠেছে টনপ্রতি ১০ হাজার ৭৬১ ডলার ২৮ সেন্ট পর্যন্ত। এদিকে সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে অ্যালুমিনিয়ামের দাম ৩ শতাংশ. নিকেলের দাম ১ দশমিক ৬ ও টিনের দাম ১ দশমিক ৯ শতাংশ বেড়েছে।

অন্যদিকে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, জুনে তামার বৈশ্বিক বিগলন কার্যক্রম আগের মাসের তুলনায় কমেছে। রক্ষণাবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবে চীনের বিগলন কেন্দ্রগুলো বন্ধ থাকায় বৈশ্বিক বিগলনের পরিমাণ হ্রাস পায়।