দেড় বছরের মধ্যে সর্বনিম্নে পৌঁছেছে অপরিশোধিত চিনির দাম। পাশাপাশি কমেছে অ্যারাবিকা কফি ও কোকোর দামও। খবর রয়টার্স।
আমেরিকান ব্যবসায়িক সংস্থাগুলোর জোট ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জের রিপোর্ট অনুযায়ী, অপরিশোধিত চিনির দাম পাউন্ডপ্রতি ১ দশমিক ১ শতাংশ কমে ১৫ দশমিক ৭ সেন্টে নেমে এসেছে। জানুয়ারির পর এটিই চিনির সর্বনিম্ন দাম। অন্যদিকে পরিশোধিত চিনির দামও দশমিক ৮ শতাংশ কমে টনপ্রতি ৪২৫ ডলার ৪০ সেন্টে নেমে আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ডিলাররা বলছেন, ইউরোপে করোনার প্রকোপ বৃদ্ধিতে আপাতত আমদানি স্থগিতের কথা ভাবছে দেশগুলো।
অন্যদিকে অ্যারাবিকা কফির দাম দশমিক ৫ শতাংশ কমে পাউন্ডপ্রতি দাঁড়াতে পারে ১ ডলার ৩০ সেন্ট। রোবাস্তার দাম কমেছে দশমিক ৪ শতাংশ। লন্ডনে কোকোর দাম ১ দশমিক ৭ শতাংশ কমে টনপ্রতি দাঁড়াতে পারে ১ হাজার ৬৯৪ পাউন্ডে। নিউইয়র্কে এর দাম ২ শতাংশ কমে টনপ্রতি ২ হাজার ৫০০ ডলারে দাঁড়াতে পারে।










