অবিক্রীত ইয়েজি জুতার বড় ক্রয়াদেশ পেয়েছে অ্যাডিডাস। যার আর্থিক পরিমাণ ৫০ কোটি ৮০ লাখ ইউরো বা ৫৬ কোটি ৫০ লাখ ডলার। পরিমাণের দিক থেকে প্রায় ৪০ লাখ জোড়া। সম্প্রতি ফাইন্যান্সিয়াল টাইমস জানায়, ক্রয়াদেশটি কোম্পানিটির সবচেয়ে আশাবাদী পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে। খবর রয়টার্স।
সংবাদমাধ্যমটি বলছে, অনলাইনে বিক্রয়ের প্রথম ব্যাচের জোরালো চাহিদার ফলে জার্মান স্পোর্টসওয়্যার কোম্পানিটি স্টকে থাকা অবশিষ্ট পণ্যের দরপতন থেকে রক্ষা পাবে। কানিয়ে ওয়েস্ট নামে পরিচিত একজন র্যাপার অব্যাহতভাবে ইহুদি বিদ্বেষী মন্তব্য করার পর অ্যাডিডাস গত অক্টোবরে ইয়ের সঙ্গে অংশীদারত্ব প্রত্যাহার করে নেয় এবং ইয়েজি জুতার বিক্রি বন্ধ ঘোষণা করে। অত্যন্ত লাভজনক প্রবণতায় ভাটা পড়ে ও কোম্পানির প্রথম প্রান্তিকে বিক্রির পরিমাণ প্রায় ৪৪ কোটি ডলার কমে যায়।
সূত্রের বরাত দিয়ে ফাইন্যান্সিয়াল টাইমস জানায়, অবিক্রীত স্নিকার্সের জোরালো চাহিদা অ্যাডিডাসের ভয় দূর করেছে। বিশেষ করে অতীতে ইয়ের বিস্ফোরক মন্তব্যের জেরে বিক্রি কমে যাওয়ায় ইয়েজি ব্র্যান্ড নিয়ে যে নেতিবাচক আশঙ্কা তৈরি হয়েছিল। তবে অ্যাডিডাস এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।










