প্রকল্প বাস্তবায়নে অদক্ষতা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকার পরও প্রায় ২৩ হাজার ৪৭২ কোটি টাকার চার প্রকল্পের অনুমোদন পেতে যাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধিভুক্ত স্বাস্থ্যসেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এসব প্রকল্প অনুমোদন হতে পারে। চার প্রকল্পের একটি এসেনসিয়াল বায়োটেক অ্যান্ড রিসার্চ সেন্টার স্থাপন, যা গোপালগঞ্জের পরিবর্তে মুন্সিগঞ্জে সরিয়ে নেয়া হবে। এতে ব্যয় বাড়বে ৩৮৫ কোটি টাকা।

জানা যায়, দেশে ভ্যাকসিন উৎপাদনের লক্ষ্যে ২০২৩ সালে ৩ হাজার কোটি টাকা ব্যয়ে গোপালগঞ্জে এসেনসিয়াল বায়োটেক অ্যান্ড রিসার্চ সেন্টার স্থাপনের পরিকল্পনা নেয় তৎকালীন সরকার। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর সেটি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় স্থানান্তরের উদ্যোগ নেয়া হয়। পাশাপাশি প্রকল্প ব্যয় ৩৮৫ কোটি টাকা বা ১২ দশমিক ৭৩ শতাংশ বাড়িয়ে ৩ হাজার ৪০০ কোটি টাকা নির্ধারণ করা হয়। প্রকল্পটি বাস্তবায়ন করবে এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)। প্রকল্পের প্রথম সংশোধিত ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজালের (ডিপিপি) বিভিন্ন খাতে বড় ধরনের আর্থিক সমন্বয়ের কথা উল্লেখ করা হয়েছে। এর পেছনে প্রধান যুক্তি হিসেবে দেখানো হয়েছে টাকার মান কমে যাওয়া, পণ্য পাঠাতে অতিরিক্ত সময় লাগা ও প্রযুক্তিগত প্রয়োজনীয়তা বৃদ্ধি। এ প্রকল্প বাস্তবায়নে সরকার ৩৬২ কোটি ৫০ লাখ টাকা অর্থায়ন করবে, বাকি ৩ হাজার ৩৭ কোটি টাকা ঋণ হিসেবে দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

প্রকল্পের নথিতে বলা হয়েছে, জাতীয় টিকাদান কর্মসূচির জন্য স্বনির্ভরতা, স্বয়ংসম্পূর্ণতা ও সক্ষমতা অর্জন, সংক্রামক রোগ মোকাবেলা, প্রত্যেক নাগরিকের জন্য টিকা তৈরি, জৈবপ্রযুক্তি উদ্ভাবন এবং জৈবি নিরাপত্তা নিশ্চিত করতে গবেষণাগার নির্মাণ করা হবে। প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ হিসেবে বলা হয়েছে, গোপালগঞ্জে ৬ দশমিক ৮৫ একর জায়গায় প্রকল্প বাস্তবায়নের কথা থাকলে মুন্সিগঞ্জে ১০ একর জমিতে তা স্থানান্তর করা হবে। এজন্য জেলার সিরাজদিখান উপজেলার বিসিক শিল্পনগরীতে জায়গা নেয়া হচ্ছে। এতে অতিরিক্ত ৪৫ কোটি টাকা ব্যয় হবে।

পরিকল্পনা কমিশন বলছে, প্রকল্পটি বাস্তবায়ন হলে বৈশ্বিক সংকট ও আপৎকালীন সময়ে দেশে সহজে ভ্যাকসিন পাওয়া হবে। কমিশনের এক কর্মকর্তা বলেন, ‘‌গোপালগঞ্জ থেকে মুন্সিগঞ্জে সরিয়ে নেয়ার ক্ষেত্রে তারা যুক্তি দিয়েছে যাতায়াত সুবিধা। রাজধানীর পাশাপাশি হলে গবেষক, শিক্ষার্থী ও নীতিনির্ধারকরা সহজে যুক্ত থাকতে পারবেন।’

তিনি আরো বলেন, ‘প্রকল্পের মেয়াদ দুই বছর পার হলেও এখনো কাজই শুরু হয়নি। তাই বাকি চার বছরে পুরো কাজটা শেষ করতে হবে। ফলে দেশের সব প্রকল্পের মতো এখানেও ব্যবস্থাপনাগত ত্রুটি থেকে যাচ্ছে। এটারও সময় ও ব্যয় উভয়ই বাড়বে।’

এ বিষয়ে ঢাকা ইডিসিএলের মহাব্যবস্থাপক (প্রকল্প উন্নয়ন) বিএম ইমাম হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি। তবে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী দেলোয়ার হোসেন বণিক বার্তাকে বলেন, ‘‌মুন্সিগঞ্জে প্রকল্প সরিয়ে নেয়ার প্রধান কারণ হচ্ছে গোপালগঞ্জে আগে থেকে যে প্লান্ট রয়েছে, সেটিতে পানির স্বল্পতা রয়েছে। আসলে ভ্যাকসিন তৈরিতে প্রচুর পানির প্রয়োজন হয়। গোপালগঞ্জে বর্তমানে একটি বায়োমেডিকেল প্লান্ট রয়েছে, সেখানে যদি কেমিক্যাল প্লান্টও করা হয় তাহলে সংমিশ্রণের সম্ভাবনা থাকে। এটা যেহেতু গবেষণার জন্য করা, তাই দেশী-বিদেশী গবেষকরা যুক্ত থাকবেন। এখানে উৎপাদিত ভ্যাকসিন সারা দেশে সরবরাহ করা হবে। এসব মাথায় রেখে সরকার প্রকল্পটি মুন্সিগঞ্জে স্থানান্তরের পরিকল্পনা করেছে।’

সম্প্রতি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্য) ডা. সায়েদুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘গবেষণার ক্ষেত্রে গোপালগঞ্জ ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন। কিন্তু ভ্যাকসিন গবেষণায় প্রয়োজনীয় দক্ষ জনবল মূলত ঢাকাকেন্দ্রিক। সেজন্য মুন্সিগঞ্জকে বেছে নেয়া হয়েছে।’

স্বাস্থ্য মন্ত্রণালয়ের আরো তিন প্রকল্প পাচ্ছে অনুমোদন

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুটি বিভাগে প্রতি বছর কয়েক হাজার কোটি টাকার প্রকল্প বরাদ্দ দেয়া হলেও বাস্তবায়নে পিছিয়ে পড়ার অভিযোগ রয়েছে। আইএমইডির জুলাই-অক্টোবর উন্নয়ন ব্যয় (এডিপি) বাস্তবায়ন হারে দেখা যায়, এ মন্ত্রণালয়ের আওতাধীন স্বাস্থ্যসেবা বিভাগ চার মাসে ১ দশমিক ১৩ শতাংশ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ ১ দশমিক ৬১ শতাংশ প্রকল্প বাস্তবায়ন করেছে। যদিও চলতি অর্থবছরে দুই বিভাগ প্রকল্প বরাদ্দ পেয়েছে যথাক্রমে ১৫ ও ১৪টি।

এদিকে আজকের একনেক সভায় উঠছে ১৩ হাজার ২৩ কোটি টাকার হেলথ অ্যান্ড নিউট্রিশন সার্ভিসেস ইমপ্রুভমেন্ট অ্যান্ড সিস্টেম স্ট্রেংদেনিং প্রকল্প। যেখানে ৩ হাজার কোটি টাকা ব্যয়ে ৩৬৫টি ভবন ও ৬ হাজার টাকার টিকা কেনা হবে। এছাড়া ২ হাজার ৯৮৭ কোটি টাকায় স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন ঔষধ প্রশাসন অধিদপ্তর এবং কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট ও সংস্থাগুলোর অত্যাবশ্যকীয় কার্যক্রম বাস্তবায়ন এবং ৪ হাজার ৬২ কোটি টাকায় জলবায়ু প্রতিক্রিয়াশীল প্রজনন স্বাস্থ্য ও জনসংখ্যা পরিষেবা উন্নয়ন এবং সিস্টেম শক্তিশালীকরণ শীর্ষক দুটি প্রকল্প অনুমোদন পেতে পারে।

এ বিষয়ে আইএমইডির একজন অতিরিক্ত সচিব নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘স্বাস্থ্য খাত সবচেয়ে অনিয়ম আর অদক্ষতার খাত। এখানে অনেক প্রকল্প নেয়া হয় জনগুরুত্বপূর্ণ ভেবে। কিন্তু এগুলোর পিডি থাকেন চিকিৎসকরা। সরকারি হাসপাতালের চিকিৎসকদের নিজেদের চেম্বারে পাওয়া যায় না, তারা কীভাবে প্রকল্প চালাবে। আবার অর্থ মন্ত্রণালয়ও প্রয়োজনীয় লোকবল দেয় না। এখানে আন্তঃবিভাগের মধ্যে সম্পর্কের ঘাটতি রয়েছে। এছাড়া যন্ত্রপাতি ক্রয়ে ব্যাপক দুর্নীতি করে পিডি ও দায়িত্বপ্রাপ্ত কোম্পানিগুলো। চিকিৎসক নিজের লাভের জন্য কৌশলে পছন্দের কোম্পানি দিয়ে যন্ত্রপাতি কেনেন। এসব সমাধানের জন্য দক্ষ লোক দিতে হবে, পাশাপাশি তদারকি করতে হবে অভিজ্ঞদের দিয়ে।’