পর্যটন খাত পুনরুদ্ধারের লক্ষ্যে বিশেষ ব্যবস্থা নিতে যাচ্ছে ব্যাংকক। দেশটির সরকারি মুখপাত্র আনুচা বুরাপ্যাচাশ্রী জানিয়েছেন, এভিয়েশন নিয়ন্ত্রকরা খাতটির সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সাম্প্রতিক মাসগুলোয় পর্যটনের দ্রুত পুনরুদ্ধার করতে চাইছেন। এক্ষেত্রে উড়োজাহাজের ভাড়া কমাতে বিশেষ একটি সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, সংশ্লিষ্ট সংস্থাগুলোকে উড়োজাহাজের সংখ্যা বাড়ানোর জন্য অনুমোদন প্রক্রিয়া ত্বরান্বিত করবে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। 

ব্যাংকক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, আনুচা বুরাপাচাশ্রী সম্প্রতি এক বিবৃতিতে বলেন, ‘প্রধানমন্ত্রী প্রায়ুত চ্যান-ওচা পরিবহন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন যাতে ভ্রমণকারীদের অতিরিক্ত চার্জ না করা হয়।’ আনুচা আরো বলেন, ‘টিকিটের দাম বেড়েছে, কেননা অভ্যন্তরীণ যাত্রী সংখ্যা প্রথম প্রান্তিকে বছরওয়ারি ৮৫ শতাংশ বেড়েছে। যেখানে ফ্লাইট সংখ্যা চাহিদার তুলনায় অপ্রতুল থাকায় আন্তর্জাতিক চলাচল ৫৪ শতাংশ কমেছে।’

আনুচা জানিয়েছেন, বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে উড়োজাহাজ সংস্থাগুলোর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় রুটেই আসনসংখ্যা বাড়াতে সহায়তা করবে সরকার। তিনি বলেন, ‘সিভিল এভিয়েশন অথরিটি অব থাইল্যান্ড (সিএএটি) লায়নএয়ার, ভিয়েতনাম জেটএয়ার এবং থাই এয়ারএশিয়ার স্থানীয় ইউনিটগুলো তাদের বহরে আরো জেট যুক্ত করার জন্য আবেদন করেছে। এসব আবেদন অনুমোদনের প্রক্রিয়া চলছে। নিয়ন্ত্রক সংস্থা উড়োজাহাজ ভাড়া পর্যবেক্ষণ করবে এবং যুক্তিসংগত টিকিট মূল্য নিশ্চিত করতে এয়ারলাইনসের সঙ্গে নিয়মিত বৈঠক করবে।’

দেশটি চলতি বছর বিদেশী পর্যটকদের প্রত্যাশার চেয়ে ভালো পুনরুদ্ধার দেখেছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি পূর্বাভাস দিয়েছে, পুরো বছরের আগমন মোট ৩ কোটি ছাড়াবে। বছরওয়ারি যা দ্বিগুণেরও বেশি। 

এর ফলে হোটেলের কক্ষ, উড়োজাহাজ টিকিট এবং খাবারের দাম বেড়েছে। এসব কারণে পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত চার্জ নেয়ার ক্ষেত্রে সতর্ক করতে বাধ্য হয়েছে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ।