পুঁজিবাজারে তালিকাভুক্ত আমান কটন ফাইব্রাস লিমিটেডের ঋণমান দীর্ঘমেয়াদে ‘ডাবল বি প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-ফোর’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৩১ মার্চ ২০২২ পর্যন্ত কোম্পানিটির প্রাসঙ্গিক গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফারেটিং)। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এ তথ্য জানিয়েছে বস্ত্র খাতের কোম্পানিটি।

৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে আমান কটন। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ২৫ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৪৮ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৪ টাকা ৭২ পয়সায়। এর আগে ২০২০ হিসাব বছরের জন্য উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।