বিশ্বকাপ ভক্তদের জন্য একটি ফ্যান ভিলেজ বানিয়েছে কাতার। বিমানবন্দরের পাশেই গড়ে তোলা এ গ্রামে ছয় হাজার কেবিন থাকবে। আসন্ন বিশ্বকাপ মৌসুমে এ গ্রামে থাকতে পারবেন ভক্তরা। খবর এপি।

৩ দশমিক ১ বর্গকিলোমিটার এলাকাজুড়ে গড়ে ওঠা এ সাইটে একটি মেট্রো স্টেশন, একটি বাসস্টপ, একটি অস্থায়ী পরিকল্পিত রেস্তোরাঁ এবং কিছু জরুরি জিনিসপত্রের খুচরা দোকানও রয়েছে। পুরো এলাকাটিতে অন্তত ১২ হাজার মানুষ থাকতে পারবে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

প্রতিটি কেবিনে এক রাত থাকার জন্য দিতে হবে ২০০-২৭০ ডলার। কাতারের সুপ্রিম কমিটি ফর ডেলিভারি অ্যান্ড লিগাসি ফর দ্য টুর্নামেন্টের হেড অব অ্যাকোমডেশন ওমর আল জাবের জানান, এরই মধ্যে কেবিনগুলোর ৬০ শতাংশ বুকিং হয়ে গিয়েছে।

এ সাইটের বাইরে দোহা আন্তর্জাতিক বিমানবন্দর ও হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরের পাশেও বিশ্বকাপ ঘিরে তৈরি করা আরো কিছু ঘর পাওয়া যাবে। সেখানে প্রতি রাতে ব্যয় হবে ৮০ ডলার করে। ফ্যান ভিলেজে যারা থাকবেন তাদের স্টেডিয়ামে যেতে ৪০ মিনিট সময় লাগবে।