বিলাসবহুল পণ্য ঘিরে চীনা ক্রেতারা বরাবরই আগ্রহী। বিশ্বের বিলাসবহুল ব্র্যান্ডের অন্যতম বাজারও চীন। কভিড-১৯-এর প্রভাব রুখতে চীন সরকারের আরোপিত কড়াকড়ির জের ধরে কয়েক বছর কেনাকাটায় স্থবিরতা বিরাজ করে। গত বছরের শেষের দিকে লকডাউন বিষয়ক কঠোরতাগুলো তুলে নেয়া হয়। এরপর থেকেই চীনের ক্রেতাদের বিলাসবহুল পণ্য ক্রয়ের প্রবণতায় ফের গতি যোগ হয়েছে। বিশেষ করে হার্মিস ও এলভিএমএইচের মতো অভিজাত ব্র্যান্ডের পণ্যগুলো খুব আগ্রহ নিয়ে কিনছেন চীনের ক্রেতারা। খবর ন্যাশনাল নিউজ। 

মহামারীর প্রভাবে শৌখিন চীনা গ্রাহকরা দামি হ্যান্ডব্যাগ ও গহনা ক্রয়ের রুচি হারিয়ে ফেলেছেন—এমন উদ্বেগের অবসান ঘটিয়েছে এ দুটি কোম্পানির প্রথম প্রান্তিকের বিক্রয় ফলাফল। শুক্রবার এক সাক্ষাৎকারে বহুজাতিক বিনিয়োগ ব্যাংক ও আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান ইউবিসি গ্রুপের বিশ্লেষক সুজানা পাজ বলেন, ‘অভিজাত ব্র্যান্ডের শক্তিশালী খেলোয়াড়রা এরই মধ্যে তাদের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আমরা বিলাসবহুল ক্ষেত্রগুলোয় আরো গতিশীলতা আশা করি। কেননা চীনা গ্রাহকরা বিভিন্ন পণ্য বাছাই করা ও দামি ব্র্যান্ডের পণ্য ক্রয়ে আগ্রহী, যা শক্তিশালী লেবেলগুলোর দাম বৃদ্ধিকে ত্বরান্বিত করে।’ 

বিশ্বের অন্যতম বিলাসবহুল পণ্য নির্মাতা লুই ভিতোঁ মোয়েট হেনেসি পরিচিত এলভিএমএইচ নামে। ক্রিশ্চিয়ান ডিওর ও টিফানির মতো প্রায় ৬০টি সাবসিডিয়ারি এবং ৭৫টি অভিজাত ব্র্যান্ড পরিচালনা ও নিয়ন্ত্রণ করে এলভিএমএইচ। যার প্রধান নির্বাহী বার্নার্ড আর্নল্ট। বিক্রয়ের পরিমাণ রীতিমতো রেকর্ড ছোঁয়ায় চলতি সপ্তাহে ফরাসি বিলাসবহুল এ পাওয়ার হাউজ বিশ্বের ১০টি সবচেয়ে মূল্যবান কোম্পানির একচেটিয়া ক্লাবে উঠে আসে। এ কোম্পানির সবচেয়ে বড় লেবেল লুই ভিতোঁর গত বছর অতিক্রম করে ২ হাজার কোটি ইউরো (২ হাজার ২০০ কোটি ডলার) আয়ের মাইলফলক। তারকা সংগীতশিল্পী ফ্যারেল উইলিয়ামসকে সম্প্রতি পুরুষদের পোশাক ডিজাইনার হিসেবে যুক্ত করেছে ব্র্যান্ডটি।

এদিকে হার্মিস ইন্টারন্যাশনালের প্রান্তিকভিত্তিক বিক্রয় দেখায়, বিউটি ডিভিশন বাদে বিভিন্ন ভৌগোলিক অঞ্চলে অন্যান্য পণ্য বিক্রির পরিমাণ ‘ডবল ডিজিটে’ বেড়েছে। ব্র্যান্ডের বাজার মূলধন সম্প্রতি প্রথমবারের মতো ২০ হাজার কোটি ডলার ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেন সুজানা পাজ। তবে এলভিএমএইচ ও হার্মিসের বিক্রয় প্রবৃদ্ধির গতি ব্র্যান্ডদ্বয়কে বিনিয়োগকারীদের কাছ এমন একটা সময় প্রিয় করে তুলেছে, যখন প্রযুক্তি শিল্পের বিক্রি তুলনামূলক ধীরগতিতে অগ্রসর হচ্ছে।

অন্যান্য অভিজাত ব্র্যান্ডের মধ্যে ইতালির জুতার ব্র্যান্ড সালভাতোর ফেরগামো, যুক্তরাজ্যের অভিজাত ব্র্যান্ড বারবেরি গ্রুপ, সুইচ জুয়েলারি ও ঘড়ির ব্র্যান্ড সোয়াচ গ্রুপ এবং ফ্রান্সের কেরিংয়ের মতো প্রতিষ্ঠানগুলোর পণ্যের বিক্রি চীনে তুলনামূলক কম বলে উল্লেখ করেন পাজ। 

এদিকে গুচি ব্র্যান্ডটি তুলনামূলক কম পরিচিত ডিজাইনার সাবাতো দে সারনোকে নির্বাচনের পর খানিকটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। যদিও গত বছর চীনে অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে দেয় তারা। 

প্যারিসভিত্তিক ডেটা ইন্টেলিজেন্স ফার্ম লাক্সারিনসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জোনাথন সিবোনির মতে, অভিজাত পণ্যের বিক্রয় পরিস্থিতি মহামারীর আগের স্তরে ফিরে আসতে কমপক্ষে দুই বছর সময় লাগবে। কভিড-১৯-এর আগে দেশের অভ্যন্তরে ও বাইরে চীনা ভোক্তারা মোট ব্যক্তিগত বিলাসবহুল পণ্য ক্রয়ের ক্ষেত্রে প্রায় এক-তৃতীয়াংশের প্রতিনিধিত্ব করেছিলেন।