ভবিষ্যৎ সরবরাহ বাজারে মালয়েশিয়ার পাম অয়েলের দাম বেড়েছে ৪ দশমিক ৭৬ শতাংশ, যা ১১ মাসের সর্বোচ্চে। টানা দুদিন কমার পর যুক্তরাষ্ট্রের সয়াবিন তেলের দরবৃদ্ধির সঙ্গে সঙ্গে গত মঙ্গলবার পাম অয়েলের দাম বাড়ল। খবর রয়টার্স।

বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে জুলাইয়ের ভবিষ্যৎ সরবরাহ বাজারে পাম অয়েল বিক্রি হয়েছে টনপ্রতি ৪ হাজার ৭২ রিঙ্গিত বা ৯৯৪ দশমিক ১৪ ডলারে।

কুয়ালালামপুরভিত্তিক এক ব্যবসায়ী জানান, সয়াবিনের বিপরীতে যেহেতু পাম অয়েলের দাম ওঠানামা করে, তাই সয়াবিনের দাম বাড়লে পাম অয়েলের দামও বাড়ে।

অন্যান্য ভোজ্যতেলের দামের ওপর পাম অয়েলের দাম ওঠানামা করে। কারণ অন্যান্য ভোজ্যতেলের বাজার দখলের একটা প্রচেষ্টা থাকে পাম অয়েলের।

এদিকে শিকাগো বোর্ড অব ট্রেডে সয়াবিন তেলের ক্রয়-বিক্রয় চুক্তি বেড়েছে ৪ দশমিক ১১ শতাংশ এবং ডালিয়ানের সবচেয়ে সক্রিয় সয়াবিন তেলের ক্রয়-বিক্রয় চুক্তি বেড়েছে দশমিক শূন্য ৯ শতাংশ। ডালিয়ানে পাম অয়েলের চুক্তি কমেছে শূন্য দশমিক ২৪ শতাংশ।