দক্ষ কর্মীদের প্রস্থানে এশিয়ার বাজারে বিপাকে পড়েছে মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকস। বিশেষ করে টোকিও ও হংকংয়ের ঊর্ধ্বতন কর্মীরা প্রতিষ্ঠান ছেড়ে যোগ দিচ্ছেন প্রতিযোগী কোম্পানিগুলোতে। এ সিদ্ধান্ত গোল্ডম্যানের পরিচালনায় প্রভাব ফেলতে পারে, যা উদ্বেগ তৈরি করেছে গ্রাহকদের মধ্যে। খবর ফ্রি-মালয়েশিয়া-টুডে।
সম্প্রতি হংকংয়ের ব্যবস্থাপনা পরিচালক ফ্রেডরিক গ্রানবার্গার ত্যাগ করেছেন গোল্ডম্যান স্যাকস। লিংকডইনের প্রোফাইল অনুসারে, তিনি ২০০৪ সালে গোল্ডম্যান স্যাকসে যোগ দিয়েছিলেন। দায়িত্ব পালন করেছেন এশীয় অঞ্চল প্রধানের। অন্যদিকে টোকিওর গোল্ডম্যান স্যাকস অফিস হারিয়েছে তোমিয়ুকি ওজি ও ডেভিড উইলিয়ামসকে। ওজি নোমুরা হোল্ডিংস ইনকরপোরেশনে যোগ দিতে পারেন বলে দাবি করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট ব্যক্তি। ডেভিড উইলিয়ামস গোল্ডম্যানের সঙ্গে জড়িত ১৯৯৮ সাল থেকে ও ওজি জড়িত ২০০৮ সাল থেকে। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের সঙ্গে থাকার পর হঠাৎ তাদের চলে যাওয়াকে স্বাভাবিকভাবে নিতে পারছেন না অর্থনীতিক বিশ্লেষকরা। এর আগে গ্রেটার চায়না ইকুইটিজের সহকারী প্রধান ঘোষিত হওয়ার পর অ্যালেক্সিস সাং সরে গেছেন গোল্ডম্যান স্যাকস থেকে। ঘটনার এক বছরও পার হয়নি। পরবর্তী সময়ে তিনি মিলেনিয়াম ক্যাপিটাল ম্যানেজমেন্টে যোগ দেন। জিগ প্যাটেল বর্তমানে প্রতিষ্ঠানটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিচালনা প্রধান। তিনিও ত্যাগ করছেন। সমস্ত প্রক্রিয়া শেষদিকে। ইজি ইংল্যান্ডারের আঞ্চলিক কর্মকর্তার প্রস্তাব পেয়ে। লিংকডইন প্রোফাইল অনুসারে গোল্ডম্যান স্যাকসের সঙ্গে তার সম্পর্ক ২৮ বছরের। সম্প্রতি বিখ্যাত যে কয়েকজন কর্মীকে এশিয়ার বাজার থেকে সরে গেছেন, তাদের মধ্যে ক্যানুট ডেলমাসের নামও রয়েছে। এশীয় প্যাসিফিক অঞ্চলে গোল্ডম্যানের সহকারী প্রধান ছিলেন তিনি। প্রায় একুশ বছর ধরে জড়িত ছিলেন প্রতিষ্ঠানটির সঙ্গে।
এশিয়ায় গোল্ডম্যান দীর্ঘদিন বিখ্যাত প্রতিভাদের আশ্রয়কেন্দ্র ছিল। প্রতিযোগীদের সঙ্গে পাল্লা দিয়েই গোল্ডম্যানের প্রভাব বিস্তারে ভূমিকা রেখেছেন তারা। গত বারো মাসে এমন অন্তত আরো চারজন জ্যেষ্ঠ নির্বাহীকে হারিয়েছে গোল্ডম্যান স্যাকস। যদিও এর প্রতিক্রিয়ায় গোল্ডম্যানের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। বছরের প্রথম প্রান্তিকে বৈশ্বিক বাজার থেকে গোল্ডম্যান স্যাকসের আয় ৭ শতাংশ কমেছে।










