২০২১ সালের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে সিনজেনটা বাংলাদেশ লিমিটেড। পাশাপাশি লভ্যাংশের অর্থ চেকের মাধ্যমে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনকে (বিসিআইসি) হস্তান্তর করেছে প্রতিষ্ঠানটি। গতকাল বুধবার প্রতিষ্ঠানটির ২২তম বার্ষিক সাধারণ সভায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
হোটেল ইনটারকন্টিনেন্টালে আয়োজিত সভায় বিসিআইসিয়ের চেয়ারম্যান এবং সিনজেনটার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শাহ্ মো. ইমদাদুল হক সভাপতিত্ব করেন। এছাড়া সভায় উপস্থিত ছিলেন সিনজেনটার ব্যবস্থাপনা পরিচালক এ এম এম গোলাম তৌহিদসহ অন্যান্য পরিচালকরা।
এসময় বিসিআইসিয়ের চেয়ারম্যানের হাতে লভ্যাংশের চেকটি হস্তান্তর করেন সিনজেনটার ব্যবস্থাপনা পরিচালক। সভায় বিসিআইসিয়ের চেয়ারম্যান কভিড-১৯ মহামারী চলাকালে খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে দেশের কৃষক ও কৃষিকে তাদের প্রতিশ্রুতিবদ্ধ এবং অবিচ্ছিন্ন সহায়তা দিতে সিনজেনটা বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেছেন।










