প্রতি বছরের মতো এবারো সারা বিশ্বের মতো বাংলাদেশে পালিত হয়েছে বিশ্ব মা দিবস। এরই ধারাবাহিকতায় রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের আয়োজনে একাদশ বারের মতো অনুষ্ঠিত হয়েছে বিশ্ব মা দিবসের বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান ‘গরবিনী মা-২০২৪’। গতকাল রাজধানীর মহাখালী ডিওএইচএসে অবস্থিত রাওয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের পরিচালক প্রীতি চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও গরবিনী-মা সম্মাননার প্রধান উদ্যোক্তা ডা. আশীষ কুমার চক্রবর্তী। অনুষ্ঠানে বিশেষ অতিথি চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস আহমেদ এমপি ও আরমা দত্ত এমপি।
এবার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য সমাজের প্রতিষ্ঠিত ১১ জন সুনাগরিকের গরবিনী মাকে সম্মাননা প্রদান করা হয়েছে। তারা হলেন ঢাকার বিশেষ জজ (সিনিয়র জেলা ও দায়রা জজ) শেখ হাফিজুর রহমানের মা সাহারা রহমান, বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের পরিচালক (যুগ্ম সচিব) হায়াত-উদ-দৌলা খানের মা সাজেদা খাতুন, যশোরের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) প্রলয় কুমার জোয়ারদারের মা সুরুচি জোয়ারদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক, ড. সামসাদ মর্তুজার মা সৈয়দা নাসরিন মর্তুজা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব মেডিসিনের ডিন অধ্যাপক ডা. আবু নাসার রিজভীর মা নাফিজা বেগম, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী মো. আশরাফুল ইসলামের মা হোসনে আরা, প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার জাবেদ সুলতান পিয়াসের মা জেবুননেছা, জনপ্রিয় কণ্ঠশিল্পী, সংগীত পরিচালক, মডেল ও অভিনেতা তাহসান রহমান খানের মা প্রফেসর ড. জেড এন তাহমিদা বেগম, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নাট্য ও চলচ্চিত্র অভিনেতা শতাব্দী ওয়াদুদের মা আফরোজা নাছরীন, অভিনেত্রী ও মডেল মেহজাবিন চৌধুরীর মা গাজালা চৌধুরী এবং ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী তহবিল থেকে শিক্ষাবৃত্তি প্রাপ্ত অদম্য মেধাবী লাবনী আক্তারের মা বেবি বেগম। সম্মাননা প্রদান অনুষ্ঠানে সব মাকে সম্মাননা ক্রেস্ট, মেডেল, ফ্রি মাস্টার হেলথ চেকআপ প্যাকেজ, উডেন পিকচার ও উপহার সামগ্রী প্রদান করা হয়।—বিজ্ঞপ্তি










