জাপানে আমেরিকার ওয়্যারহাউজের ক্রমবর্ধমান বৃদ্ধির মধ্যে সুপারমার্কেটের ৩২তম স্টোর উদ্বোধন করেছে কস্টকো। গতকাল উত্তর টোকিওতে নতুন এ স্টোর উন্মোচনের সময় আরো জানা যায়, জাপানজুড়ে প্রায় ১০০টি শাখা খোলার লক্ষ্যমাত্রা নিয়ে অগ্রসর হচ্ছে আমেরিকান সুপারমার্কেটটি। খবর মাইনিচি।
কস্টকো হোলসেল জাপান লিমিটেডের প্রেসিডেন্ট কেন থেরিয়াল্ট জানান, তার কোম্পানি ২০৩০ সালের মধ্যে জাপানে ৬০টিরও বেশি স্টোর পরিচালনার লক্ষ্য নিয়ে অগ্রসর হচ্ছে। জমিসংক্রান্ত চ্যালেঞ্জ থাকলেও ভবিষ্যতে কোম্পানিটি জাপানে ১০০টির মতো স্টোর খুলতে পারে। এ সামর্থ্য তাদের রয়েছে।
কস্টকো গুনমা মেইওয়া ওয়্যারহাউজ জাপানের মায়েবাশি শাখার পরে গুনমা প্রিফেকচারের দ্বিতীয় দোকান। স্থানীয়ভাবে উৎপাদিত প্রক্রিয়াজাত খাবার কনজ্যাক বল, কনজ্যাক জেলি, চাল ও জাপানের স্থানীয় পানীয় সেকসহ প্রায় সাড়ে তিন হাজার পণ্য রয়েছে এ শোরুমে। তাছাড়া এখান থেকে ক্রেতারা পাইকারি হিসেবেও পণ্য কিনতে পারে।
জাপানে কভিড আক্রান্তের সংখ্যা কমে যাওয়ায় কোম্পানিটি তাদের শোরুমে উচ্চ ডিসকাউন্ট রেটসহ নতুন পণ্য নিয়ে আসছে। ৭৩ হাজার ৫৩৬ বর্গমিটার জায়গাজুড়ে নির্মিত নতুন এ স্টোরের ১০ হাজার ৫০৪ বর্গমিটার রয়েছে সেলস ফ্লোর হিসেবে। পার্কিং লটে রয়েছে ১ হাজার ৬৭টি যানবাহন রাখার সুবিধা। এছাড়া পাশে একটি গ্যাস স্টেশনও রয়েছে।
উত্তর-পূর্ব জাপানের তোহোকু অঞ্চলে কস্টকোর স্টোর সংখ্যা দুই। কেন থেরিয়াল্ট বলেন, ‘এখানে উন্নত পরিবহন নেটওয়ার্ক বিদ্যমান। নতুন শাখাটি বিশ্বে কস্টকোর ৮৫১তম সুপারস্টোর।’ তিনি আরো উল্লেখ করেন, এশিয়ার মধ্যে জাপানেই সবচেয়ে বেশিসংখ্যক স্টোর রয়েছে কস্টকোর।










