ফরেন ইনভেস্টরস চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) প্রতিষ্ঠার ছয় দশক পূর্তি উপলক্ষে আগামী ৮ থেকে ৯ নভেম্বর বিনিয়োগ মেলা-২০২৩ আয়োজন করেছে। শনিবার (২১ অক্টোবর) রাজধানীর এক হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে ৬০তম বর্ষপূর্তি এবং বিনিয়োগ মেলা অনুষ্ঠিত হবে। মেলার আয়োজনের মূল প্রতিপাদ্য ‘ফরেভার ফিউচারস ফরওয়ার্ড’।

এফআইসিসিআইয়ের সভাপতি নাসের এজাজ বিজয় বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের অর্থনৈতিক উন্নয়নে এফআইসিসিআইয়ের ভূমিকা তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য। সেই সঙ্গে দেশে বিনিয়োগ-বান্ধব ব্যবসায়িক পরিবেশ তৈরিতে নীতিগত সহায়তার মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে আমাদের সদস্যদের অবদান তুলে ধরা। সদস্য প্রতিষ্ঠানগুলোর সাফল্যের গল্পগুলো উঠে আসবে এই আয়োজনে।

তিনি বলেন, অনুষ্ঠান উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী এফআইসিসিআইয়ের গবেষণা প্রতিবেদন ‘ক্যাটালাইজিং গ্রেটার এফডিআই ফর ভিশন ২০৪১: প্রায়োরিটাইস ফর বিল্ডিং কনড্যুসিভ ট্যাক্স সিস্টেম ইন বাংলাদেশ’ এবং ইএসজি পাবলিকেশন ‘ইএসজি এক্সিলেন্স: এ ক্রনিকেল অব এফআইসিসিআই মেম্বারস’ উন্মোচন করবেন।

বিডার ভারপ্রাপ্ত নির্বাহী চেয়ারম্যান মোহসিনা ইয়াসমিন বলেন, বৈদেশিক বিনিয়োগ যে কোনো দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সরকারও সবসময় এটিকে স্বাগত জানিয়েছে। এই ইভেন্টটি দেশে বিদ্যমান বিদেশী বিনিয়োগকারীদের উৎসাহিত করবে। পাশাপাশি অদূর ভবিষ্যতে বাংলাদেশে বিনিয়োগের জন্য সম্ভাব্য বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে বলে আমার তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, বিডা দীর্ঘসময় ধরে এফআইসিসিআইয়ের সঙ্গে এফডিআই প্রচারণা এবং দেশে বিনিয়োগের পরিবেশ উন্নত করতে কাজ করছে। এরই ধারাবাহিকতায় এফআইসিসিআইযের মেগা ইভেন্টের স্ট্র্যাটেজিক পার্টনার হতে পেরে আমরা আনন্দিত।

বিনিয়োগ মেলা প্রসঙ্গে, এফআইসিসিআইয়ের পরিচালক ও অনুষ্ঠানের আহ্বায়ক মাহাবুব উর রহমান বলেন, দুদিন ব্যাপি আয়োজিত এ মেলায় দেশের অর্থনৈতিক স্থিতিস্থাপকতা ও খাত ভিত্তিক বিনিয়োগের সুযোগ তুলে ধরা হবে। আমাদের সদস্য প্রতিষ্ঠানগুলো ৪০টি স্টলে তাদের নতুন উদ্ভাবন, পরিষেবা এবং পণ্য নিয়ে মেলায় অংশগ্রহণ করবে। সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, নীতিনির্ধারক, কূটনীতিক, উন্নয়ন অংশীদার, থিংক-ট্যাংক, স্টেকহোল্ডার, দেশিয় সফল কর্পোরেট কর্মকর্তাসহ জনসাধারণ মেলা পরিদর্শন করবেন। আমরা ‘গ্রিন ভ্যাল্যু চেইন” এবং “ইনভেস্টমেন্ট ক্লাইমেট: কারেন্ট ল্যান্ডস্কেপ অ্যান্ড মিশন ২০৪১” বিষয়ের ওপর দুটি প্ল্যানারি সেশনের আয়োজন করছি, যেখানে বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলার যাত্রাকে ত্বরান্বিত করতে বিশেষজ্ঞরা তাদের মূল্যবান মতামত উপস্থাপন করবেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এফআইসিসিআইয়ের সহ-সভাপতি স্বপ্না ভৌমিক, নির্বাহী পরিচালক টি.আই.এম. নুরুল কবিরসহ অনেকে।