রুশ-ইউক্রেন সংঘাত শুরুর পর থেকেই বিশ্বব্যাপী বেড়ে যায় তেল ও গ্যাসের মূল্য। এটি বিশ্বের সামগ্রিক পরিস্থিতির জন্য সংকটের হলেও তা কারো কারো রীতিমতো সুদিন বয়ে এসেছে। বিশেষ করে জ্বালানি সরবরাহকারী অনেক প্রতিষ্ঠানই দারুণ মুনাফায় ফিরেছে। সে তালিকায় এবার যুক্ত হলো ডাচ প্রতিষ্ঠান শেলের নাম। ১১৫ বছরের মধ্যে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে প্রতিষ্ঠানটি।
২০২২ সালে প্রায় ৩ হাজার ৯৯০ কোটি ডলার আয় করেছে শেল। বিবিসির খবর বলছে, ২০২১ সালের তুলনায় প্রতিষ্ঠানটির আয়ের এ পরিমাণ দ্বিগুণ এবং ১১৫ বছরের ইতিহাসে সর্বোচ্চ।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে গত বছর হঠাৎ বেড়ে যায় জ্বালানির মূল্য। এর রেশ ধরে বেড়ে যায় শেলের আয়ও।নিজেদের হিসাবে ২০২২ সালের শেষ তিন মাসে শেয়ারহোল্ডারদের ৬৩০ কোটি ডলার লভ্যাংশ দিয়েছে প্রতিষ্ঠানটি।
শেলের সিইও ওয়ায়েল সাওয়ান বলেন, সর্বশেষ এ পরিসংখ্যান শেলের অগ্রগতির দৃষ্টান্ত। পাশাপাশি এটিকে অস্থিতিশীল অর্থনৈতিক বিশ্বে গ্রাহকদের জ্বালানি সরবরাহে নিজেদের সক্ষমতার চিহ্ন হিসেবেও দেখছেন তারা।
প্রসঙ্গত, কোনো কোনো দেশে জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে বাড়তি আয় করায় অতিরিক্ত করের মুখে পড়তে হয়েছে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে। গত বছর ‘এনার্জি প্রফিট লেভি’ নামে অপ্রত্যাশিত হারে কর চালু করেছিল যুক্তরাজ্য সরকার। সরকারি প্রকল্পের অর্থায়নে সহায়তা করতে জ্বালানি প্রতিষ্ঠানের আয়ের ওপর কর চালুর এ সিদ্ধান্ত নেয় দেশটি।










