শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সয়াবিন ও ভুট্টার দাম বেড়েছে। এর মধ্য দিয়ে শস্য দুটির বাজার গত কয়েক সপ্তাহের খারাপ অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছে। বাজারে শক্তিশালী চাহিদা দাম বাড়ায় ভূমিকা রেখেছে। খবর বিজনেস রেকর্ডার।

সিবিওটিতে সোমবার সয়াবিনের দাম বেড়েছে দশমিক ৪ শতাংশ। বুশেলপ্রতি (৬০ পাউন্ড) তেলবীজটির মূল্য স্থির হয়েছে ১২ ডলার ১৮ সেন্টে। ভুট্টার দাম বেড়েছে দশমিক ১ শতাংশ। প্রতি বুশেলের মূল্য দাঁড়িয়েছে ৪ ডলার ৪৬ সেন্টে। অন্যদিকে টানা পঞ্চম দিনের মতো গমের বাজার ঊর্ধ্বমুখী রয়েছে। সোমবার দাম বেড়েছে দশমিক ৩ শতাংশ। এদিন প্রতি বুশেল বিক্রি হয়েছে ৫ ডলার ৯৪ সেন্টে।

মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) সম্প্রতি জানিয়েছে, চীনে বেসরকারি পর্যায়ে ২ লাখ ৯৭ হাজার টন বিক্রির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। গত ১৯ ডিসেম্বর থেকে ডেইলি রিপোর্টিং রুলসের অধীনে সয়াবিন বিক্রির এটি প্রথম ঘোষণা। 

গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে ব্রাজিলে সয়াবিন উৎপাদনের পূর্বাভাস কমিয়েছেন বিশ্লেষকরা। তবে আর্জেন্টিনাসহ দক্ষিণ আমেরিকার দেশগুলোয় খরার প্রভাব কিছুটা কমায় উৎপাদন নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছে। ভুট্টা উৎপাদনও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে উৎপাদন বাড়লেও তা চাহিদার নিচেই অবস্থান করবে। ফলে দাম আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।