ভিয়েতনামের রাবার রফতানি খাত চাঙ্গা হয়ে উঠেছে। এ বছরের প্রথম চার মাসে দেশটির রাবার রফতানির পরিমাণ ৪ লাখ ৮৬ হাজার টনে পৌঁছেছে, যার মূল্য ৮১ কোটি ৭০ লাখ ডলার। গত বছরের তুলনায় দেশটির রাবার রফতানির পরিমাণ ৭৯ দশমিক ৬ শতাংশ এবং রফতানি মূল্য ১১১ দশমিক ৬ শতাংশ বেড়েছে। ভিয়েতনামের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর ভিয়েতনাম টাইমস।
ভিয়েতনামের রাবার রফতানির বাজার চীন। গত বছর চীনের বাজারে ভিয়েতনাম মোট প্রাকৃতিক রাবার রফতানি করেছে প্রায় ১৩ লাখ ৬০ হাজার টন। এটি মোট রফতানির ৭৭ দশমিক ৯ শতাংশ।
ভয়েস অব ভিয়েতনাম এক প্রতিবেদনে জানায়, চলতি বছরের প্রথম প্রান্তিকে ভিয়েতনাম চীনে ২ লাখ ৯০ হাজার ১৫৯ টন রাবার রফতানি করেছে, যা মোট রফতানির ৭১ দশমিক ৩৮ শতাংশ। এছাড়া ভারত, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ায় রাবার রফতানি বাড়িয়েছে ভিয়েতনাম। এর মধ্যে ভারতে রফতানির পরিমাণ ৪৩ দশমিক ৫ শতাংশ, যুক্তরাষ্ট্রে ৭১ ও দক্ষিণ কোরিয়ায় ৫২ শতাংশ বেড়েছে।
ভিয়েতনাম রাবার অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক ভো হোয়াং অ্যান বলেন, করোনা মহামারীতে সৃষ্ট অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠছে চীন। অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক হতে শুরু করায় বছরের শুরু থেকেই প্রতি মাসে প্রাকৃতিক রাবারের বৈশ্বিক দাম বাড়তে থাকে।










