বিদায়ী অর্থবছরে প্রতিবেশী দেশগুলোতে আট লাখ টন কয়লা রফতানি করেছে। এ সময় ভারতীয় কয়লার সবচেয়ে বড় ক্রেতা দেশ ছিল নেপাল। দেশটির কয়লাবিষয়ক মন্ত্রণালয়ের প্রভেনশিয়াল কোল স্ট্যাটিস্টিকস ২০২০-২১ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, মোট রফতানীকৃত কয়লার ৭৭ দশমিক ২০ শতাংশই নেপালে রফতানি হয়। দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণ কয়লা রফতানি হয় বাংলাদেশে, যা মোট রফতানির ১৩ দশমিক ৪ শতাংশ।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ভারতে স্থানীয় চাহিদার অনুপাতে কয়লার সরবরাহ সংকট রয়েছে। ফলে দেশটিকে কয়লা আমদানি বাড়াতে হতে পারে। তবে এমন আশঙ্কার মধ্যেও ২০২০-২১ অর্থবছর ভারত প্রতিবেশী দেশগুলোতে মানসম্মত কয়লা রফতানি করেছে। এর মধ্যে নেপালে ৬ লাখ ১৮ হাজার টন ও বাংলাদেশে ১ লাখ ৪ হাজার টন কয়লা রফতানি হয়।
ভারতের কয়লাবিষয়ক মন্ত্রণালয় জানায়, দেশটিতে পর্যাপ্ত পরিমাণ কয়লার মজুদ রয়েছে। এর পরও উত্তোলন কয়লার দেশীয় চাহিদা মেটাতে সক্ষম হয়নি। এছাড়া উচ্চ মানসম্পন্ন কয়লার সরবরাহ খুবই সীমিত হয়ে এসেছে। ভারতের বিভিন্ন শিল্প খাতে মানসম্পন্ন কয়লার চাহিদা রয়েছে। চাহিদা ও সরবরাহ ব্যবধান কমায় কয়লা আমদানি বৃদ্ধি করতে হবে।
২০২০-২১ অর্থবছরে ভারত ২১ কোটি ৪৯ লাখ ৯৫ হাজার টন কয়লা আমদানি করে। ২০১৯-২০ অর্থবছর আমদানি হয়েছিল ২৪ কোটি ৮৫ লাখ ৩৭ হাজার টন। অর্থাৎ এক বছরের ব্যবধানে আমদানি কমেছে ১৩ দশমিক ৫০ শতাংশ।










