ভারতের বাজারে বাড়তে শুরু করেছে মূল্যবান ধাতু স্বর্ণ ও রুপার দাম। গতকাল দেশটির বাজারে রুপার দাম দশমিক ৮২ শতাংশ বেড়ে প্রতি কেজির মূল্য দাঁড়িয়েছে ৭৮ হাজার ৬৭৪ টাকা। এছাড়া প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম ৫৭৯ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫২ হাজার ৩৩৪ টাকায়। অথচ গত সপ্তাহেও দেশটির স্থানীয় বাজারে দশমিক ৪১ শতাংশ কমেছিল স্বর্ণের দাম। খবর রয়টার্স।
মুম্বাইয়ের বাজারে ৩ শতাংশ জিএসটি বাদে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ১০ গ্রামের দাম ৪৭ হাজার ৯৩৭ টাকা, ২৪ ক্যারেট স্বর্ণের দাম জিএসটি বাদে ৫২ হাজার ৩৩৪ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম জিএসটি বাদে ৩৯ হাজার ২৫০ টাকা।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার দেশে কভিড-১৯ প্রণোদনা বিল পাস করার পর বাজারে কিছুটা অস্থিরতা দেখা যায়। ডলারের সূচকে পড়েছে এ উদ্বেগের ছায়া। বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা নিরাপদ বিনিয়োগ বা সেফ হ্যাভেন হিসেবে এখন তাই স্বর্ণ-রুপা কিনে রাখতে চাইছেন। মার্কিন এ বিলের কারণে মুদ্রাস্ফীতি তৈরি হওয়ার আশঙ্কার পরিপ্রেক্ষিতে সাদা ও হলুদ এ দুটি ধাতুর বাজার কিছুটা চাঙ্গা হয়েছে।










