চলতি বছর নিকেল রফতানিতে কর আরোপ করতে পারে ইন্দোনেশিয়া। সম্প্রতি এমনই ইঙ্গিত দেন দেশটির প্রেসিডেন্ট জোকো উইডোডো। মাইনিংডটকম প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
গত বৃহস্পতিবার দেশটির রাজধানী জাকার্তায় ব্লুমবার্গ নিউজের এডিটর ইন চিফ জন মিশেলওয়েটকে দেয়া এক সাক্ষাত্কারে প্রেসিডেন্ট উইডোডো বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশ ইন্দোনেশিয়ায় শুল্ক প্রবর্তনের বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।
বিদ্যুচ্চালিত যানবাহনের (ইভি) ব্যাটারি তৈরির প্রধান উপাদান নিকেল। আর বর্তমানে ইভির চাহিদা বৃদ্ধি পাওয়ায় ব্যাটারি তৈরিতে নিকেল, লিথিয়াম, কোবাল্টের চাহিদাও বৃদ্ধি পেয়েছে। দেশটির প্রেসিডেন্ট গত বছরের শেষের দিকে বলেছিলেন, নিকেল পরিশোধন করলে এর মূল্য ৩ হাজার ৫০০ কোটি পর্যন্তও উঠতে পারে।
প্রেসিডেন্ট জোকো উইডোডো বলেন, নিকেলের মূল্যবৃদ্ধির ফলে ইন্দোনেশিয়া লাভবান হয়েছে। পাশাপাশি স্টেইনলেস স্টিল উৎপাদনের পরিমাণও বেড়েছে। ইন্দোনেশীয়রা ইভি সাপ্লাই চেইনকে এগিয়ে নিয়ে যাক বলেও জানান তিনি। আর তার জন্য ইভির কাঁচামাল রফতানিও বন্ধ করতে চান তিনি। সাক্ষাত্কারে তিনি আরো বলেন, দেশটির প্রদেশগুলোর রাজস্ব বাড়াতে এবং স্থানীয়ভাবে আরো কর্মসংস্থান সৃষ্টির জন্য তার সরকার কাজ করছে।










