২০২১-২২ মৌসুমে ভুট্টার বৈশ্বিক উৎপাদন বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে ইন্টারন্যাশনাল গ্রেইন কাউন্সিল (আইজিসি)। কৃষিপণ্যটির উৎপাদন বৃদ্ধিতে প্রধান প্রভাবকের ভূমিকা রাখবে চীন।

আইজিসির মাসভিত্তিক পূর্বাভাস অনুযায়ী, ২০২১-২২ মৌসুমে ভুট্টার বৈশ্বিক উৎপাদন ৭০ লাখ টন বেড়ে ১২০ কোটি ১০ লাখ টনে উন্নীত হবে, যা রেকর্ড সর্বোচ্চ। এক্ষেত্রে বিশ্বের দ্বিতীয় শীর্ষ ভুট্টা উৎপাদক চীন ২৭ কোটি ২৮ লাখ টন উৎপাদন করবে। এর আগের মৌসুমে দেশটির ভুট্টা উৎপাদনের পরিমাণ ছিল ২৬ কোটি ৭৩ লাখ টন।

এদিকে গমের বৈশ্বিক উৎপাদন নিয়েও পূর্বাভাস দিয়েছে আইজিসি। পূর্বাভাস অনুযায়ী, কৃষিপণ্যটির উৎপাদন আগামী মৌসুমে ১০ লাখ টন কমে ৭৮ কোটি ৯০ লাখ টনে নেমে আসবে। কমলেও রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে থাকবে পণ্যটির উৎপাদন। অন্যদিকে ২০২১-২২ মৌসুমে সয়াবিনের বৈশ্বিক উৎপাদন ৩৮ কোটি ৩০ লাখ টনে দাঁড়াবে বলে জানায় আইজিসি।

প্রতিষ্ঠানটির প্রতিবেদনে বলা হয়, গম ও ভুট্টার রেকর্ড সর্বোচ্চ উৎপাদন সত্ত্বেও ২০২১-২২ মৌসুমে বৈশ্বিক খাদ্যশস্যের মজুদ প্রান্তিক পর্যায়ে বাড়বে।