ভারতের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড উত্তরের রাজ্য হরিয়ানার খারখোদায় তৃতীয় উৎপাদন কারখানা স্থাপনের জন্য ৭ হাজার ৪১০ কোটি রুপি (প্রায় ৮৬ কোটি ৪০ লাখ ডলার) বিনিয়োগের ঘোষণা দিয়েছে। নতুন এ কারখানা চালু হলে ২০২৯ সালের মধ্যে খারখোদা প্লান্টে মোট বার্ষিক উৎপাদন সক্ষমতা পৌঁছবে ৭ লাখ ৫০ ইউনিটে। খবর বিজনেস লাইন।
বর্তমানে খারখোদায় মারুতির একটি প্লান্ট চালু রয়েছে ও দ্বিতীয়টি নির্মাণাধীন। তৃতীয় প্লান্টসহ তিনটি ইউনিটের প্রত্যেকটির বার্ষিক উৎপাদন সক্ষমতা হবে ২ লাখ ৫০ হাজার ইউনিট করে। নতুন কারখানাটি আগামী চার বছরের মধ্যে চালু হওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, নতুন প্লান্ট থেকে আসা অতিরিক্ত উৎপাদনক্ষমতা তাদের যানবাহনের বাড়তে থাকা চাহিদা, দেশীয় ও আন্তর্জাতিক—উভয় ক্ষেত্রেই পূরণে সহায়তা করবে।
গত ডিসেম্বরে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, ভারতের মোট গাড়ি রফতানির প্রায় ৪০ শতাংশই তাদের দখলে, যা বৈশ্বিক বাজারে মারুতির দৃঢ় অবস্থানকে তুলে ধরে।
খারখোদা ছাড়াও মারুতি সুজুকির আরো দুটি উৎপাদন কেন্দ্র রয়েছে। সেগুলোর অবস্থান হরিয়ানা ও গুজরাটে। উৎপাদন কেন্দ্রগুলো সুজুকি মোটর করপোরেশনের অধীনে পরিচালিত হয়। নতুন বিনিয়োগের মাধ্যমে কোম্পানিটি ভারতের অটোমোবাইল শিল্পে তাদের নেতৃত্ব ধরে রাখার পাশাপাশি বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হিসেবে ভারতের অবস্থানকে আরো মজবুত করার চেষ্টা করছে।










