বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) ব্যাটারি নির্মাণে যুক্তরাষ্ট্রে এক কারখানায় ৩০০ কোটি ডলার বিনিয়োগ করবে জেনারেল মোটরস ও স্যামসাং এসডিআই। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক-ইওলের ওয়াশিংটন সফরের মধ্যে এ ঘোষণা এল। খবর রয়টার্স।
গত ১২ বছরের মধ্যে প্রথম দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্র সফরে ব্যবসায়িক সুযোগ অনুসন্ধানকে তার পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করছেন ইয়ুন। এর অংশ হিসেবে সফরসঙ্গী হিসেবে নিয়েছেন স্যামসাংয়ের এক্সিকিউটিভ চেয়ারম্যান জে ওয়াই লি ও হুন্দাই মোটর গ্রুপের প্রধান ইয়ুইসুন চুংসহ দক্ষিণ কোরিয়ার শতাধিক কোম্পানির শীর্ষ নির্বাহী।
মার্কিন কোম্পানি জিএমের সঙ্গে যৌথভাবে চালু হওয়া ব্যাটারি কারখানায় উৎপাদন ২০২৬ সালে চালুর আশা করা হচ্ছে। এর বার্ষিক উৎপাদন সক্ষমতা ৩০ গিগাওয়াট আওয়ার করার লক্ষ্যমাত্রা রয়েছে তাদের।
২০২৪ সালের মাঝামাঝি নাগাদ উত্তর আমেরিকায় ৪ লাখ ইভি নির্মাণ লক্ষ্যমাত্রা পূরণ করতে চায় জিএম। ২০২৫ সাল থেকে বার্ষিক এক মিলিয়ন বা ১০ লাখ ইভি নির্মাণ করতে চায় মার্কিন গাড়ি নির্মাতা জায়ান্টটি। ভবিষ্যতের চাহিদা পূরণে জিএমের আরো অন্তত দুটি ইভি কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানায় সংশ্লিষ্ট একাধিক সূত্র।










