বাংলাদেশ থেকে কাঁচা চামড়া আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে মিসর। একই সঙ্গে মিসরের পাট শিল্পের উন্নয়নে এ দেশের অতীত অভিজ্ঞতা ব্যবহার করে যৌথভাবে কাজ করতে চায় দেশটি। এছাড়া আফ্রিকায় বাণিজ্য প্রসারে মিসর হতে পারে ‘গেটওয়ে’।
গতকাল সচিবালয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত মিসরের রাষ্ট্রদূত ওমর মহিম এলদিন আহমেদ ফাহমি। এ সময় তার দেশের সরকারের এ আগ্রহের কথা প্রকাশ করেন তিনি।
বাণিজ্য প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা উল্লেখ করে বলেন, ‘বিশ্বের ২৬টি দেশের সঙ্গে বাণিজ্যিক চুক্তি নিয়ে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়। এ দেশে বিনিয়োগ হলে দক্ষিণ-পূর্ব এশিয়া, আসিয়ান দেশগুলোর বাজার সুবিধা এ দেশ থেকে ব্যবহার করা যাবে। বিনিয়োগে আগ্রহী মিসরের শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিরা এ দেশে এলে বিনিয়োগ সুযোগ আরো বাড়বে।’
এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে মন্ত্রণালয়ের অধীনে থাকা দপ্তরগুলোর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।










