সম্প্রতি সংস্থার সম্মেলন কক্ষে আয়োজিত প্রকল্প ব্যবস্থাপনা, সরকারি ক্রয় ব্যবস্থাপনা ও নথি ব্যবস্থাপনা প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে প্রকল্প পরিচালকদের উদ্দেশে এ নির্দেশনা দেন তিনি। প্রশিক্ষণ কর্মসূচিতে বিভিন্ন প্রকল্পের পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মো. আজিজুল ইসলাম বলেন, ‘কোনো কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের অন্যতম পূর্বশর্ত হলো কার্যকর পরিকল্পনা। এ লক্ষ্যে প্রতি অর্থবছরের শুরুতেই বাস্তবায়নযোগ্য কার্যক্রমগুলো যথাযথ বিশ্লেষণ ও মূল্যায়নের মাধ্যমে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন করতে হবে। একই সঙ্গে আর্থিক শৃঙ্খলা কঠোরভাবে অনুসরণ করে প্রকল্পের জন্য বরাদ্দকৃত অর্থের অপচয় রোধ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রকল্প পরিচালকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

তিনি আরো বলেন, ‘কোনো প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে প্রকল্প পরিচালক ও সংশ্লিষ্ট ঠিকাদার বা উন্নয়ন সহযোগীর মধ্যে চুক্তি স্বাক্ষরের পর পরই নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন করার লক্ষ্যে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। পাশাপাশি নির্ধারিত স্পেসিফিকেশন অনুযায়ী কাজের গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত ও নিবিড় তদারকি অব্যাহত রাখতে হবে।’

বিএডিসির চেয়ারম্যান বলেন, ‘প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি), সরকারি ক্রয়বিধি (পিপিআর) এবং অন্যান্য আর্থিক বিধি-বিধান সম্পর্কে প্রকল্প পরিচালকদের পর্যাপ্ত ও সম্যক জ্ঞান থাকা প্রয়োজন। প্রকল্পের উদ্দেশ্য ও প্রত্যাশিত সুফলের পরিপন্থী কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ গ্রহণ করা যাবে না।’

সরকারের গৃহীত কৌশল ও উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।