চীনে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিনের রফতানি বাড়তে শুরু করেছে। এর আগে কয়েক মাসের বাণিজ্য বিরোধে পণ্যটির চীনমুখী চালান কার্যত থেমে ছিল। এখন তা আবার শুরু হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের উপসাগরীয় বন্দরগুলো থেকে ডিসেম্বরের মধ্যভাগ পর্যন্ত অন্তত ছয়টি বড় কার্গো জাহাজ সয়াবিন নিয়ে চীনের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। গত সপ্তাহে আরো একটি সয়াবিন বোঝাই জাহাজ চীনের দিকে রওনা হয়েছে। গত মে মাসের পর এটিই প্রথম চালান।
চীনে সয়াবিন রফতানি দীর্ঘদিন বন্ধ থাকায় যুক্তরাষ্ট্রের কৃষক ও শস্য ব্যবসায়ীরা পরবর্তী চালানের অপেক্ষায় ছিলেন। গত অক্টোবরে দক্ষিণ কোরিয়ায় ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠকের পর পরিস্থিতি কিছুটা বদলে যায়। সে সময় হোয়াইট হাউজ জানিয়েছিল, চলতি বছরের মধ্যেই বেইজিং ১ কোটি ২০ লাখ টন মার্কিন সয়াবিন কিনতে পারে। তবে চীন এখনো এ প্রতিশ্রুতি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
যুক্তরাষ্ট্রের কৃষিমন্ত্রী ব্রুক রলিন্স গত মাসে বলেন, ‘চীনের সঙ্গে সয়াবিন রফতানি বিষয়ে চলতি সপ্তাহেই অগ্রগতি হতে পারে।’
তিনি মঙ্গলবার বলেন, ‘বাণিজ্য বিরোধ ও সয়াবিনের দরপতনের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য আগামী সপ্তাহে সহায়তা প্যাকেজ ঘোষণা করা হবে।’
মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) তথ্যমতে, চীনা ক্রেতারা গত মাসে প্রায় ২০ লাখ টন সয়াবিন কিনেছেন। তবে মোট ক্রয় এখনো বাণিজ্য বিরোধ-পূর্ব সময়ের তুলনায় কম।










