বৈরী আবহাওয়ার কারণে চলতি সপ্তাহে রুশ গমের রফতানি মূল্য বেড়েছে। পাশাপাশি বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী দামও এক্ষেত্রে প্রভাবকের ভূমিকা রেখেছে। খবর রয়টার্স। 

ফ্রি অন বোর্ড চুক্তিতে ১২ দশমিক ৫ শতাংশ প্রোটিনসমৃদ্ধ গমের মূল্য দাঁড়িয়েছে টনপ্রতি ২১২ ডলারে। এসব গম মে মাসের শেষ থেকে জুনের শুরুর দিকে সরবরাহ করা হবে। আগের সপ্তাহে একই গমের দাম ছিল ২০৮ ডলার। 

কৃষিপণ্যের বাজার পরামর্শক প্রতিষ্ঠান সভেকন জানায়, রাশিয়ার দক্ষিণাঞ্চলে বৈরী আবহাওয়ার কারণে নতুন মৌসুমের উৎপাদন ব্যাহত হচ্ছে। অঞ্চলটিতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিলে দাম কমার সম্ভাবনা রয়েছে। 

রাশিয়া বিশ্বের শীর্ষ গম রফতানিকারক। গত সপ্তাহে দেশটি থেকে খাদ্যশস্য রফতানি কমে ৯ লাখ ৯০ হাজার টনে নেমেছে, আগের সপ্তাহে যা ছিল ১২ লাখ ৫০ হাজার টন। সভেকনের প্রাক্কলন অনুযায়ী, চলতি মাসে দেশটির মোট গম রফতানি দাঁড়াতে পারে ৪৬ লাখ টনে, যা গত বছরের একই সময় ছিল ৪৪ লাখ টন। 

সংশ্লিষ্টরা জানান, ২০২৪-২৫ মৌসুমে রাশিয়ায় ৯ কোটি ৩৬ লাখ টন গম উৎপাদন হতে পারে, ২০২২-২৩ মৌসুমে যা ছিল ৯ কোটি ২৮ লাখ টন। ২০২২ সালে রাশিয়ায় ১০ কোটি ৫০ লাখ টন গম উৎপাদন হয়, যা ছিল ইতিহাসের সর্বোচ্চ উৎপাদন। সে হিসাবে ২০২৪-২৫ মৌসুমের উৎপাদন হতে যাচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। এ সময় শীতকালীন গম উৎপাদন দাঁড়াবে ৬ কোটি ৭৭ লাখ টনে, যা আগের মৌসুমে ছিল ৬ কোটি ৩৮ লাখ টন। অন্যদিকে বসন্তকালীন উৎপাদনের পরিমাণ ধরা হয়েছে ২ কোটি ৫৯ লাখ টন।