চেম্বার ও অ্যাসোসিয়েশনগুলোর কাছ থেকে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট আলোচনার জন্য প্রস্তাব জমা দেয়ার আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ও এনবিআরের ভ্যাটের প্রথম সচিবের কাছে ই-মেইলের মাধ্যমে এসব প্রস্তাব জমা দিতে বলা হয়েছে। গতকাল এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মুমেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে ৪ ফেব্রুয়ারির মধ্যে বাজেট প্রস্তাব জমা দেয়ার জন্য বলা হয়েছে। এছাড়া যেসব প্রতিষ্ঠান, সংস্থা বা দপ্তর কোনো চেম্বার বা অ্যাসোসিয়েশনের সদস্য নয়, তারাও সরাসরি ওই ই-মেইলের মাধ্যমে বাজেট প্রস্তাব পাঠাতে পারবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর আরো জানিয়েছে, অংশগ্রহণমূলক, গণমুখী, শিল্প, ব্যবসা ও করদাতাবান্ধব এবং রাজস্ব সম্ভাবনাময় সুষম বাজেট প্রণয়নে বরাবরই সব পর্যায়ের করদাতা, বিভিন্ন শিল্প ও বণিক সমিতি, ট্রেড অ্যাসোসিয়েশন, পেশাজীবী সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান ও দেশের বুদ্ধিজীবী মহলের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ড বাজেট প্রস্তাব আহ্বান এবং তাদের সঙ্গে রাজস্ব আহরণ পদ্ধতি সম্পর্কে আলোচনা অনুষ্ঠান করে আসছে। আসন্ন ২০২৪-২৫2অর্থবছরের রাজস্ব আহরণ কার্যক্রমকে অধিকতর অর্থবহ, বিশ্লেষণধর্মী ও প্রতিনিধিত্বশীল করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড আলাপ-আলোচনার মাধ্যমে বাজেট প্রণয়নে আগ্রহী। জাতীয় রাজস্ব বোর্ড প্রাপ্ত প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।










