ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে চিনি উৎপাদন বৃদ্ধির পূর্বাভাস মিলেছে। ২০২১-২২ মৌসুমে অঞ্চলটিতে ঊর্ধ্বমুখী উৎপাদনের ফলে বাড়বে পণ্যটির মজুদও। শর্ট-টার্ম আউটলুক শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইউরোপিয়ান কমিশন।

প্রতিবেদনে বলায় হয়, ২০২১-২২ মৌসুমে ইউরোপীয় ইউনিয়নে সব মিলিয়ে ১ কোটি ৫৫ লাখ টন চিনি উৎপাদিত হবে। এর আগের মৌসুমে উৎপাদনের পরিমাণ ছিল ১ কোটি ৪৫ লাখ টন। সে হিসাবে উৎপাদন বাড়বে ১০ লাখ টন।

প্রতিবেদনে আরো বলা হয়, ২০২১-২২ মৌসুমে প্রতি হেক্টর জমিতে ৭৪ টন করে সুগার বিট (চিনি উৎপাদনে ব্যবহূত শস্য) আবাদ করা হবে। পাঁচ বছরের গড় হিসাব অনুযায়ী আবাদ স্থিতিশীল থাকবে। তবে এর আগের মৌসুমের তুলনায় আবাদ ১০ শতাংশ বাড়বে। সব মিলিয়ে ১৫ লাখ হেক্টর জমি সুগার বিট আবাদ করা হবে, যা এর আগের মৌসুমের তুলনায় ১ শতাংশ বেশি।

মৌসুমের শেষ নাগাদ চিনির মজুদ বেড়ে ১৪ লাখ টনে উন্নীত হবে, যা আগের মৌসুমের তুলনায় ২৮ শতাংশ বেশি। গত বছর মজুদের পরিমাণ ছিল ১১ লাখ টন। ইইউ অঞ্চলে ভোক্তা পর্যায়ে চিনির ব্যবহার স্থিতিশীল থাকার পূর্বাভাস দিয়েছে ইউরোপিয়ান কমিশন। ২০২০-২১ মৌসুমে ব্যবহার ১ কোটি ৬৪ লাখ টন থেকে কমে ১ কোটি ৪৮ টনে নেমেছিল। ২০২১-২২ মৌসুমে ব্যবহার অপরিবর্তিত থাকবে।