এ স্কিমের আওতায় কৃষির উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ, প্রক্রিয়াজাত ও বিপণনের পাশাপাশি সাপ্লাই চেইন উন্নয়ন এবং গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিতে অর্থায়ন করা হবে।
গতকাল বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ চুক্তি সম্পন্ন হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ এবং প্রধান মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান উপস্থিত ছিলেন।
চুক্তি অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২-এর পরিচালক একেএম সাইদুজ্জামান এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রিটেইল ইনভেস্টমেন্ট উইংয়ের প্রধান আবু সাঈদ মো. ইদ্রিস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র বিনিময় করেন।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পুনঃঅর্থায়ন স্কিমটির মূল লক্ষ্য কৃষি খাতের উৎপাদন থেকে শুরু করে সংরক্ষণ, প্রক্রিয়াজাত ও বিপণন পর্যন্ত বিভিন্ন ধাপে অর্থায়ন নিশ্চিত করা। একই সঙ্গে কৃষিপণ্যের সাপ্লাই চেইন শক্তিশালী করা এবং গ্রামীণ এলাকায় কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে একটি কার্যকর ও গতিশীল এগ্রিকালচার ভ্যালু চেইন গড়ে তোলাই এ উদ্যোগের উদ্দেশ্য।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জয়নাল আবেদিন ও সাখাওয়াত হোসেন এবং ইসলামী ব্যাংকের কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান মো. আমান উল্লাহসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










