দক্ষিণ ভারতের কনোড় টি ট্রেড অ্যাসোসিয়েশন সেল নাম্বার-২৩-এর জন্য ২৭ দশমিক ৫৫ লাখ কেজি চা পাতা নিলামে তুলেছে। বৃহস্পতিবার ও শুক্রবার এ নিলাম অনুষ্ঠিত হয়। এর আগে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে বাতিল করা হয় নিলামের সেল নাম্বার-২২। খবর দ্য্র হিন্দু বিজনেস লাইন।

চলতি বছরের যেকোনো নিলামের জন্য এটি সর্বোচ্চ পরিমাণ চায়ের পরিমাণ। সর্বশেষ নিলামের চেয়ে সেল নাম্বার-২৩-এ ৩ দশমিক ৬৫ কেজির মতো বেশি চা বিক্রির প্রস্তাব দিয়েছে কনোড় টি ট্রেড অ্যাসোসিয়েশন। পূর্ববর্তী নিলামে অবিক্রীত থাকা চায়ের কারণে চলতি সপ্তাহে নিলামে চায়ের পরিমাণে এ বৃদ্ধি ঘটেছে। সম্প্রতি অমৌসুমি তবে চা খাতের জন্য সুফল বয়ে আনা বৃষ্টির কারণে বাগান থেকে আসা চা পাতাগুলো যথেষ্ট সতেজ রয়েছে।

চলতি নিলামে তোলা ২৭ দশমিক ৫৫ লাখ কেজি চায়ের মধ্যে ২৫ দশমিক ৯৬ লাখ কেজি চা পাতা সিটিসি (ক্রাশ, টিয়ার অ্যান্ড কার্ল) জাতের এবং মাত্র ১ দশমিক ৫৯ লাখ কেজি চা পাতা অর্থডক্স জাতের। অর্থডক্স জাতের চা পাতায় পাতা ও ধুলাবালির পরিমাণ উভয়ই কম থাকে। লিফ টি কাউন্টারের মধ্যে মাত্র ৯৮ হাজার কেজি চা অর্থডক্স জাতের আর বাকি ১৮ দশমিক ৭০ লাখ কেজি চা সিটিসি জাতের। ডাস্ট টির মধ্যে মাত্র ৬১ হাজার কেজি অর্থডক্স চা এবং ৭ দশমিক ২৬ লাখ কেজি সিটিসি জাতের চা। সব চা পাতার মধ্যে ১৯ দশমিক ৬৮ লাখ কেজি চা পাতা লিফ গ্রেডের এবং ৭ দশমিক ৮৭ লাখ কেজি ডাস্ট গ্রেডের।