বাংলাদেশ বীমা কর্তৃপক্ষের (বিআইএ) জন্য একটি ‘‌ডাটা সেন্টার প্রজেক্ট’ স্থাপন করার কাজ পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইজেনারেশন লিমিটেড। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১৫ কোটি টাকা। সম্প্রতি বাংলাদেশ ইন্স্যুরেন্স সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্ট (বিআইএসডিপি) ও ইজেনারেশনের মধ্যে এ-সংক্রান্ত একটি চুক্তি হয়েছে। এ প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর (পিডি) হিসেবে প্রতিনিধিত্ব করছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (আইডিআরএ)। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে তথ্য প্রযুক্তি খাতের কোম্পানিটি। 

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ইজেনারেশনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২১ পয়সা, আগের হিসাব বছরে একই সময়ে যা ছিল ১ টাকা ১৭ পয়সা। আর সর্বশেষ তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪০ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ২৬ পয়সায়। 

৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে উদ্যোক্তা ও পরিচালকদের বাদে কেবল সাধারণ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ইজেনারেশন। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৪৩ পয়সা, আগের হিসাব বছরে ইপিএস ছিল ১ টাকা ৬১ পয়সা (পুনর্মূল্যায়িত)।