চিলির জ্বালানি তেল বিক্রেতা প্রতিষ্ঠান এসম্যাক্স ডিস্ট্রিবিউশনের শতভাগ অধিগ্রহণ করতে যাচ্ছে সৌদি আরামকো। যদিও চুক্তির সঠিক মূল্য এখনো প্রকাশ হয়নি। অধিগ্রহণটি দক্ষিণ আমেরিকায় আরামকোর প্রথম ডাউনস্ট্রিম খুচরা বিনিয়োগ, যা উক্ত অঞ্চলে ব্যবসা শক্তিশালী করতে সহযোগিতা রাখবে। খবর দ্য ন্যাশনাল নিউজ।

এসম্যাক্সের ব্যবসায়িক পোর্টফোলিওতে খুচরা জ্বালানি স্টেশন, বিমানবন্দর অপারেশন, জ্বালানি বিতরণ টার্মিনাল ও লুব্রিকেন্ট মিশ্রণ প্লান্ট অন্তর্ভুক্ত রয়েছে। আরামকোর এ অধিগ্রহণ প্রতিষ্ঠানটিকে পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চে তার খুচরা উপস্থিতি প্রসার করার সুযোগ হিসেবে দেখছে।

চিলি ও দক্ষিণ আমেরিকায় আরামকো ব্র্যান্ডটি চালু করার জন্য চুক্তিটি আরামকোর কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা তাদের পণ্যগুলোর জন্য নতুন বাজার অন্বেষণের সম্ভাবনা সরবরাহ করে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে আরামকোর ভ্যালভোলিন গ্লোবাল প্রডাক্টস ব্যবসা অধিগ্রহণের পরে এ পদক্ষেপ নেয়া হয়েছে। 

আরামকোর ডাউনস্ট্রিম প্রেসিডেন্ট মোহাম্মদ আল কাহতানি জোর দিয়ে জানান, চুক্তি চিলি ও দক্ষিণ আমেরিকার বাজারে আরামকো ব্র্যান্ডের প্রবর্তনের জন্য প্লাটফর্ম তৈরি করেছে। ৬ আগস্ট পর্যন্ত আরামকো ২ দশমিক শূন্য ৮ ট্রিলিয়ন ডলারের বাজার মূল্য নিয়ে বিশ্বব্যাপী তৃতীয় সর্বাধিক মূল্যবান কোম্পানি হিসেবে স্থান পেয়েছে। যেখানে মাইক্রোসফট ২ দশমিক ৪৪ ট্রিলিয়ন ডলার ও অ্যাপল ২ দশমিক ৮৬ ট্রিলিয়ন ডলারের বাজার মূল্য রয়েছে। আয়ের দিক থেকে আরামকো দ্বিতীয় অবস্থানে রয়েছে।

সাম্প্রতিক আর্থিক প্রতিবেদনে আরামকো দ্বিতীয় প্রান্তিকের নিট মুনাফা প্রকাশ করেছে যা বিশ্লেষকদের প্রত্যাশা পূরণ করেছে। জুনে শেষ হওয়া প্রান্তিকে যাকাত-পরবর্তী নিট মুনাফা ছিল প্রায় ৩ হাজার ১০ কোটি ডলার, যা গত বছরের একই সময়ে ৪৮ হাজার ৪০ কোটি ডলারের তুলনায় ৩৮ শতাংশ কম। কারণ হিসেবে কোম্পানিটি  স্বেচ্ছায় উৎপাদন কম করা ও অপরিশোধিত তেলের দাম কমে যাওয়া উল্লেখ করেছে।