৫০টি বোয়িং৭৩৭ ম্যাক্স৮ উড়োজাহাজের ক্রয়াদেশ দিয়েছে নরওয়েজিয়ান এয়ার। পাশাপাশি এ চুক্তির আওতায় অপ্রকাশিত মূল্যে আরো ৩০টি বিকল্প উড়োজাহাজ কেনার সুযোগ রয়েছে। এর মাধ্যমে প্রতিষ্ঠান দুটির মধ্যে চুক্তি বিরোধেরও অবসান ঘটেছে। খবর এপি।
এ চুক্তিটি মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটির জন্যও উৎসাহজনক। অসলোভিত্তিক এয়ারলাইনসটি প্রতিদ্বন্দ্বী এয়ারবাসে ক্রয়াদেশ স্থানান্তরিত করার চিন্তা করছিল। তবে অবশেষে বোয়িং এ ক্রয়াদেশ নিজের করতে পেরেছে। এ চুক্তিতে নরওয়েজিয়ানকে ম্যাক্স ও ড্রিমলাইনার উড়োজাহাজ সরবরাহ এবং প্রযুক্তিগত সমস্যার পূর্ববর্তী বিরোধের নিষ্পত্তি হিসেবে ক্ষতিপূরণ অন্তর্ভুক্ত রয়েছে। এ ক্ষতিপূরণ বাবদ ২০০ কোটি নরওয়েজিয়ান ক্রাউন (২১ কোটি ২২ লাখ ডলার) পেয়েছে স্বল্প-ব্যয়ের উড়োজাহাজ পরিবহন সংস্থাটি।
নরওয়েজিয়ান এয়ারের প্রধান নির্বাহী গেইর কার্লসেন বলেন, বোয়িংয়ের সঙ্গে বিরোধই একমাত্র সমস্যা ছিল, যা গত বছর এয়ারলাইনসটি পুনর্গঠনের সময় সমাধান করা হয়নি। এ চুক্তি চলমান মামলার অবসান ঘটাবে।
চুক্তি অনুসারে প্রথম ৫০টি উড়োজাহাজ ২০২৫ থেকে ২০২৮ সালের মধ্যে সরবরাহ করা হবে। বর্তমান লিজের মেয়াদের সঙ্গে সামঞ্জস্য রেখে এ সরবরাহ পাবে এয়ারলাইনসটি। এজন্য সংস্থাটির বর্তমান বহরে উড়োজাহাজের সংখ্যা খুব বেশি বাড়বে না।
বোর্ডের চেয়ার সোয়েন হ্যারান্ড ওয়গার্ড বলেন, এটি একটি যুগান্তকারী চুক্তি। এটি আমাদের জন্য একটি পথ করে দিয়েছে। এর মাধ্যমে নরওয়েজিয়ান এয়ার সংস্থাটির বহরে থাকা উড়োজাহাজের একটি বড় অংশের মালিকানা পাবে। ফলে প্রতিষ্ঠানের ব্যয় কমে আসবে এবং আর্থিক দৃঢ়তা বেড়ে যাবে। সব মিলিয়ে আমরা আমাদের সক্ষমতাকে আরো বিস্তৃত করতে পারব।
গত ফেব্রুয়ারিতে নরওয়েজিয়ান এয়ার রয়টার্সকে বলেছিল, প্রতিষ্ঠানটি উড়োজাহাজের ক্রয়াদেশ এয়ারবাসে স্থানান্তরিত করার বিষয়টি বিবেচনা করছে। এক্ষেত্রে সংস্থাটির ভাষ্য ছিল, পূর্ববর্তী ক্রয়াদেশ বাতিল নিয়ে বোয়িংয়ের সঙ্গে চলমান মামলা সময়মতো সমাধান করা না হলে এমন পদক্ষেপ নেয়া হবে।
অবশেষে বোয়িং চুক্তির বিষয়টি সমাধান করেছে। এর আগে এয়ারলাইনস জায়ান্ট আইএজির সঙ্গে চুক্তির পর নরওয়েজিয়ান এয়ারের চুক্তিটি কয়েক সপ্তাহের মধ্যে ম্যাক্স উড়োজাহাজের জন্য বোয়িংয়ের দ্বিতীয় প্রধান ইউরোপীয় ক্রয়াদেশ।










