মুনাফার দিক থেকে দ্বিতীয় প্রান্তিকে বিশ্লেষকদের পূ্র্বাভাস থেকে পিছিয়ে রয়েছে যুক্তরাষ্ট্রের বহুজাতিক বিনিয়োগ ব্যাংক সিটিগ্রুপ। মূলত ঋণগ্রহীতাদের ওপর আরোপিত উচ্চ সুদহার ওয়াল স্ট্রিটে ব্যাংকটির ব্যবসায়িক কার্যক্রমে অনেকটাই প্রভাব ফেলেছে। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।
৩০ জুন শেষ হওয়া প্রান্তিকে ব্যাংকটির নিট আয় ৩৬ শতাংশ কমে ২৯২ কোটি ডলারে পৌঁছেছে। সে হিসেবে প্রতি শেয়ারের মূল্য ১ ডলার ৩৩ সেন্ট। এক বিবৃতিতে সিটিগ্রুপের সিইও জেন ফ্রেসার বলেন, ‘ঋণের সীমা শেষ হয়ে যাওয়ার পরও অনেকে ব্যাংকে এসেছিল।’
নিট আয়ে ৬৭ শতাংশ প্রবৃদ্ধির বিষয়ে জেপি মরগানের পূর্বাভাসের সঙ্গে অবনমনের বিষয়টি বিপরীত ছিল। কেননা ব্যাংকটি সুদহার থেকে বেশি পরিমাণ আয় করেছে। এছাড়া ফার্স্ট রিপাবলিক ব্যাংক অধিগ্রহণও এতে বড় প্রভাব ফেলেছে।
গত কয়েক প্রান্তিকে ফেডারেল রিজার্ভ সুদহার উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে। এর কারণে যুক্তরাষ্ট্রের বড় ব্যাংকগুলো ভালো মুনাফা অর্জন করতে পেরেছে। সম্প্রতি গুঞ্জন উঠেছে প্রশাসন হয়তো সুদহারের লাগাম টেনে ধরবে। এ গুঞ্জনের মধ্যেই ব্যাংকটির আয়-ব্যয় সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ্যে এসেছে। সিটি গ্রুপ চলতি বছর নিট সুদ আদায়ের মাধ্যমে আয়ের লক্ষ্যমাত্রা ৪ হাজার ৫০০ থেকে ৪ হাজার ৬০০ কোটি ডলারে উন্নীত করেছে।
সাংবাদিকদের সঙ্গে এক কনফারেন্স কলে কথা বলার সময় প্রধান অর্থনৈতিক কর্মকর্তা মার্ক ম্যাসন বলেন, ‘ভোক্তা ও ব্যবসা দুই খাতেই যুক্তরাষ্ট্রের অর্থনীতি স্থিতিস্থাপকতার প্রমাণ দিয়েছে।’ অন্যদিকে রিটেইল সার্ভিসের মাধ্যমে ব্যাংকটির মুনাফা ২৭ শতাংশ ও ব্র্যান্ডেড কার্ডের মাধ্যমে ৮ শতাংশ বেড়েছে।










