অবশেষে বন্ধ হয়ে গেল মার্কিন টেলিডেন্টিস্ট্রি কোম্পানি ‘স্মাইল ডিরেক্ট ক্লাব’। যুক্তরাষ্ট্রের বাজারে দেউলিয়া হওয়ার জন্য আবেদন করার কয়েক মাস পরেই এমন পরিস্থিতির শিকার হলো ন্যাশভিলভিত্তিক সংস্থাটি। খবর বিবিসি।
অনলাইনে দাঁতের অ্যালাইনার বিক্রির জন্য বেশ পরিচিত স্মাইল ডিরেক্ট ক্লাব। কোম্পানিটি সম্প্রতি জানায়, শুক্রবারের দিকে তারা কার্যক্রম বন্ধ ঘোষণা করার মতো ‘অবিশ্বাস্য রকম কঠিন সিদ্ধান্ত’ গ্রহণ করেছে।
দন্ত্য চিকিৎসা সংস্থাটি ডেন্টিস্টের কাছে যাওয়ার প্রয়োজন ছাড়াই প্রায় ২ হাজার ২৫০ ডলারের বিনিময়ে অ্যালাইনার অফার করে।
ঋণের ভারে ভারাক্রান্ত ক্লাব সর্বশেষ পুনরুদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। ২০১৪ সালে প্রতিষ্ঠিত অর্থোডন্টিকস কোম্পানিটি সহজ পদ্ধতিতে ব্যবসা চালু করেছিল। প্রথাগত দন্ত্য চিকিৎসায় ‘ট্রেন ট্র্যাক’ ধনুর্বন্ধনী এবং ক্লিয়ার অ্যালাইনারগুলো দন্ত্য চিকিৎসক, অর্থোডন্টিস্ট বা এক প্রশিক্ষিত অর্থোডন্টিক থেরাপিস্টের মাধ্যমে ব্যক্তিগত পরামর্শের পর লাগানো হয়।
তবে অনেক গ্রাহক স্মাইল ডিরেক্ট ক্লাবে আকৃষ্ট হয়েছিল। কারণ কম দামে তারা তাদের বাড়িতে অ্যালাইনারের ছাঁচ নিতে পারে। কোম্পানিটির সঙ্গে চিকিৎসা নিতে সাধারণত চার-ছয় মাস সময় লাগে। গ্রাহকরা নিবন্ধিত ডেন্টিস্টের সঙ্গে অনলাইনে চেক ইন করতে পারে।
নিজেদের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে কোম্পানিটি জানায়, তারা ২০ লাখের বেশি গ্রাহকের জীবন উন্নত করেছে।
স্মাইল ক্লাবের এমন সিদ্ধান্তের কারণে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অন্যান্য স্থানের গ্রাহকরা বিভ্রান্ত হয়ে পড়েছেন। সংস্থাটি জানায়, গ্রাহকের প্রয়োজন থাকা সত্ত্বেও তারা আর সেবা দিতে পারছে না। ফলে অবস্থা এমন দাঁড়িয়েছে যে গ্রাহক যদি চিকিৎসা চালিয়ে যেতে চায়, তাহলে তাদের স্থানীয় ডেন্টিস্টদের কাছে যেতে হবে।
এমন খবরে বিরক্তি প্রকাশ করেছেন গ্রাহকরা। তারা বলছেন, ‘আজীবন হাসির নিশ্চয়তা’ বলে তারা যে বক্তব্য দিয়ে আসছিল, তা এখন ভুয়া প্রমাণিত হলো।
সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় গ্রাহকরা তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরে বিরক্তি প্রকাশ করেছেন এবং অর্থ প্রদানের বিষয়ে অভিযোগ করেছেন।
ফেসবুক একজন লিখেছেন, ‘আমাদের সবার সঙ্গে যেভাবে আচরণ করা হয়েছে, তা বিরক্তিকর। আমি শুধু আমার অ্যালাইনারদের জন্য সাইন আপ করেছি। আমার প্রথম অর্থ প্রদান করেছি এবং আমি এখন আমার ধনুর্বন্ধনীও পাব না।’
অন্য একজন লিখেছেন, ‘আমার স্ত্রী চিকিৎসার জন্য সম্পূর্ণ অর্থ প্রদান করেছেন। তিনি এখন নিশ্চিত নন যে তা আদৌ পাবেন কিনা।’
ইনস্টাগ্রামে এক গ্রাহক প্রশ্ন তুলেছেন, ‘আমি ছয় মাস চিকিৎসা করিয়েছি। এখন কী হবে? আমি শেষ করতে পারছি না। এটা হৃদয়বিদারক।’
এদিকে ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে স্মাইল ডিরেক্ট ক্লাব কর্তৃপক্ষ উদ্ভূত পরিস্থিতির কারণে অসুবিধার জন্য ক্ষমা চেয়েছে।










