চলতি ২০২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেডের আয় ও কর-পরবর্তী নিট মুনাফা দুটোই কমেছে। এ সময়ে কোম্পানিটির বিক্রি বাবদ আয় আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩ শতাংশ কমলেও নিট মুনাফা কমেছে ৩৪ দশমিক ৬২ শতাংশ। বহুজাতিক কোম্পানিটির চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে লিন্ডে বাংলাদেশের বিক্রি বাবদ আয় হয়েছে ৩৬১ কোটি ৮৬ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৭২ কোটি ৪১ লাখ টাকা। আলোচ্য সময়ে লিন্ডে বাংলাদেশের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪৮ কোটি ৫৩ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭৪ কোটি ২৪ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩১ টাকা ৮৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৮ টাকা ৭৮ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৮৭ টাকা ৩৩ পয়সায়।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৪২০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে লিন্ডে বাংলাদেশের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫৮ টাকা ৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮০ টাকা ৫৫ পয়সায়। এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস কমেছে প্রায় ২৮ শতাংশ। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৯৭ টাকা ৪৪ পয়সায়।
লিন্ডে বাংলাদেশ ১৯৭৬ সালে বাংলাদেশ অক্সিজেন কোম্পানি নামে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত মূলধন ২০ কোটি ও পরিশোধিত মূলধন ১৫ কোটি ২১ লাখ ৮০ হাজার টাকা। রির্জাভে রয়েছে ৫৯১ কোটি ৩১ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৫২ লাখ ১৮ হাজার ৩০০। এর মধ্যে ৬০ শতাংশ রয়েছে উদ্যেক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৯ দশমিক ১০ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ১০ দশমিক ৯০ শতাংশ শেয়ার রয়েছে।










