টানা সপ্তম দিনের মতো আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে রাবারের। বৃহস্পতিবার দিন শেষে পণ্যটির বাজারমূল্য বেড়ে দাঁড়িয়েছে তিন বছরের সর্বোচ্চে। বাজার পর্যবেক্ষকরা জানিয়েছেন, শীর্ষ ভোক্তাদেশ চীনের শিল্পোৎপাদন বাড়াতে দেশটির কর্তৃপক্ষের প্রণোদনামূলক পদক্ষেপে সামনের দিনগুলোয় রাবারের চাহিদা বৃদ্ধির ব্যাপক সম্ভাবনা দেখা দিয়েছে। পাশাপাশি পণ্যটির মূল্যবৃদ্ধিতে আরো ভূমিকা রাখছে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও ইয়েনের অবমূল্যায়ন।

জাপানের ওসাকা এক্সচেঞ্জে (ওএসই) বৃহস্পতিবার জুনে সরবরাহের চুক্তিতে রাবারের মূল্য স্থির হয়েছে প্রতি কেজি ২২৮ দশমিক ৪ ইয়েনে (১ ডলার ৯৫ সেন্টের সমান), যা দিনের সর্বশেষ মূল্য হিসাবে ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারির পর সর্বোচ্চ। বৃহস্পতিবার দিনব্যাপী লেনদেনে পণ্যটির দাম বেড়েছে কেজিতে সাড়ে ৯ ইয়েন বা ৩ দশমিক ৪১ শতাংশ।

চীনেরই সাংহাই ফিউচার্স এক্সচেঞ্জে (এসএইচএফই) ওই মে মাসে সরবরাহের চুক্তিতে রাবারের দাম বেড়েছে টনে ১৯০ ইউয়ান। দিনশেষে পণ্যটির বাজার স্থির হয়েছে প্রতি টন ১৩ হাজার ৭৬০ ইউয়ানে (১ হাজার ৯২১ ডলার ৪৪ সেন্ট)।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের প্রবৃদ্ধিকে শ্লথ করে তুলেছে আবাসন খাতের ধস ও আর্থিক খাতের তারল্য সংকট। এ সমস্যা মোকাবেলায় গত বুধবার ব্যাংক খাতে নতুন কিছু প্রণোদনামূলক ও নীতিগত পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছে দেশটি। এছাড়া ব্যাংক খাতে তারল্য বাড়ানোরও ঘোষণা দিয়েছে চীনা কেন্দ্রীয় ব্যাংক। এতে প্রায় ভঙ্গুর দশায় চলে যাওয়া দেশটির অর্থনীতি ও শিল্পোৎপাদন নিয়ে বাজারে বিনিয়োগকারীদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। উৎপাদন কার্যক্রমে চাহিদা বাড়ার প্রত্যাশা তৈরি হওয়ায় বৈশ্বিক পণ্যবাজারে ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে সব ধরনের শিল্প কাঁচামাল ও ধাতুর দাম। রাবারের বাজারেও বর্তমান দরবৃদ্ধির কারণ হিসেবে বিষয়টিকে চিহ্নিত করছেন বিশেষজ্ঞরা।

আবার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং ইয়েনের বিনিময় হারে পতনও এক্ষেত্রে বড় ভূমিকা রাখছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের ভাষ্যমতে, জ্বালানি তেলের চাহিদা বৃদ্ধিকে দেখা হয় বৈশ্বিক শিল্পোৎপাদন খাত চাঙ্গা হয়ে ওঠার ইঙ্গিতবাহী হিসেবে। এ কারণে বাজারে রাবারের মূল্য সাধারণত জ্বালানি তেলের দামের গতিবিধিকে অনুসরণ করে। তাছাড়া বৈশ্বিক রাবার বাণিজ্যে ইয়েনের প্রভাবও অনেক বেশি। মুদ্রাটির বিনিময় হারে সাম্প্রতিক পতনে জাপানি এক্সচেঞ্জ থেকে রাবার আমদানির ব্যয়ও কমেছে। ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে চাহিদা, যা পণ্যটির মূল্যের ঊর্ধ্বমুখিতাকে আরো জোরালো করে তুলেছে।