আর্জেন্টিনার প্রধান কৃষি খামারগুলো আরো একটি খরার কবলে পড়তে যাচ্ছে। এতে গম উৎপাদন ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হতে পারে। সম্প্রতি এমন আশঙ্কা প্রকাশ করেছে রোজারিও গ্রেনস এক্সচেঞ্জ (আরজিই)। খবর এগ্রিকালচার ডট কম।

চলতি বছরের শুরুতে ৬০ বছরের মধ্যে সবচেয়ে তীব্র খরার কবলে পড়েছিল দেশটি। সেই ধকল কাটিয়ে উঠতে না উঠতেই আবারো খরার পূর্বাভাস জানাল সংস্থাটি।

তীব্র খরা ও কম বৃষ্টিপাতের কারণে গমের পাশাপাশি অনান্য শস্য উৎপাদনও ব্যাহত হতে পারে। যদিও এক্সচেঞ্জ এখনো ২০২৩-২৪ বিপণন বছরের ফলন পূর্বভাস সংশোধন করেনি।

সর্বশেষ পূর্বাভাসে এক কোটি ৫০ লাখ টন গম উৎপাদনের কথা বলা হয়েছিল।

প্রক্রিয়াজাত সয়াবিন ও ভুট্টা ছাড়াও আর্জেন্টিনা বিশ্বের অন্যতম গম রফতানিকারক। দেশটির সবচেয়ে উর্বর কৃষি জমিগুলো কম বৃষ্টিপাতের সমস্যায় ধুঁকছে। ২০২১-২২ মৌসুমে দুই কোটি ৩০ লাখ টন গম উৎপাদন হয়েছিল আর্জেন্টিনায়। কিন্তু তীব্র খরার কারণে গত মৌসুমে উৎপাদন অর্ধেকে নেমেছে।