বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে বিশেষ সেমিনারের আয়োজন করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ইতিহাস ও দর্শন বিভাগ।‘স্ট্রেস ম্যানেজমেন্ট অ্যান্ড হেলদি লিভিং’ শীর্ষক এ সেমিনারের সভাপতিত্ব করেন এনএসইউ-এর কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আবদুর রব খান।
এতে অতিথি ছিলেন কোয়ান্টাম ফাউন্ডেশনের সংগঠক ইঞ্জিনিয়ার প্রাণজিৎ লাল শীল, কোয়ান্টাম হার্ট ক্লাবের সমন্বয়ক ডা. মনিরুজ্জামান, এনএসইউ’র আইন বিভাগের অধ্যাপক এবং মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন ড. মো. রিজওয়ানুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইতিহাস ও দর্শন বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. মাহবুবুর রহমান।
ইঞ্জিনিয়ার প্রাণজিৎ লাল শীল বলেন, স্ট্রেস আপনাকে গড়ে তুলতে পারে বা ভেঙে দিতে পারে—এটা নির্ভর করে আপনি কীভাবে তাকে সামলান তার ওপর।
স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, পুষ্টি ও সুষম খাদ্যগ্রহণের গুরুত্ব তুলে ধরে ডা. মনিরুজ্জামান বলেন, ‘খাবার হতে পারে ওষুধ, আবার হতে পারে রোগের কারণও। তাই এমনভাবে জীবনযাপন করতে হবে, যা আমাদের শরীর ও মনের সুস্থতা নিশ্চিত করে।’
সভাপতির বক্তব্যে অধ্যাপক আবদুর রব খান বলেন, স্ট্রেস কোনো দুর্বলতা নয়; এটি চাপের স্বাভাবিক মানসিক প্রতিক্রিয়া। নিয়মিত স্ট্রেস ম্যানেজমেন্ট অনুশীলন মানসিক সুস্থতাকে বাস্তবে রূপ দিতে সাহায্য করে।
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীদের নিয়ে ইঞ্জিনিয়ার প্রাণজিৎ লাল শীল পরিচালিত একটি মেডিটেশন সেশন অনুষ্ঠিত হয়। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত এই সেমিনারে শিক্ষার্থী, শিক্ষক ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি










