ইনফ্লাইট কানেক্টিভিটি বাড়ানোর অংশ হিসেবে সব ধরনের যাত্রীদের ফ্রি ওয়াই-ফাই সংযোগ দেবে এমিরেটস এয়ারলাইনস। এমিরেটস স্কাইওয়ার্ডে সাইনআপ করলেই যাত্রীরা বিনামূল্যের এ সংযোগ ব্যবহার করতে পারবে। খবর অ্যারাবিয়ান বিজনেস।
ফ্লাইটের ভেতরে ওয়াই-ফাই ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে অগ্রদূতের ভূমিকা পালন করছে এমিরেটস। এরই মধ্যে প্রতিষ্ঠানটি অনবোর্ড কানেক্টিভিটি বাড়ানোর জন্য ৩০ কোটি ডলারের বেশি বিনিয়োগ করেছে। যেকোনো ক্লাসে ভ্রমণকারী এমিরেটস স্কাইওয়ার্ড সদস্যরা এখন বিনামূল্যের সংযোগের ক্ষেত্রে কিছুটা সুবিধা পাবে। এমিরেটসের এ ধরনের অগ্রগতির মাধ্যমে আরো ৩০ হাজার ইকোনমি ক্লাসের যাত্রী প্রতি সপ্তাহে কমপ্লিমেন্টারি অনবোর্ড ওয়াই-ফাইয়ে সংযুক্ত হবে।
স্কাইওয়ার্ডের ব্লু, সিলভার, গোল্ড বা প্লাটিনাম টায়ারের মধ্যে যেকোনোটির সদস্যরা ইকোনমি, প্রিমিয়াম ইকোনমি, বিজনেস বা ফার্স্ট ক্লাসে ভ্রমণ করলেই বিনামূল্যে এসএমএস পাঠানোর অ্যাপ ব্যবহার করতে পারবে। উপরন্তু ফার্স্ট ক্লাসের যাত্রীরা স্কাইওয়ার্ডের সদস্য হলে বিনামূল্যের ইন্টারনেট পাবেন আনলিমিটেড। এর মাধ্যমে ফ্লাইটে থাকার সময়েও কেনাকাটা বা অফিসের কাজ করা যাবে। একই সুবিধা পাবেন বিজনেস ক্লাসে ভ্রমণকারী সিলভার, গোল্ড ও প্লাটিনাম স্কাইওয়ার্ড সদস্যরাও। প্লাটিনাম স্কাইওয়ার্ড সদস্যদের জন্য কমপ্লিমেন্টারি ইন্টারনেট সুবিধা থাকবে সব ধরনের ক্লাসে।
২০২৩ সালের জানুয়ারিতে বেশকিছু পরিবর্তন নিয়ে আসে এমিরেটস। তারপর এভাবে ফ্রি কানেক্টিভিটি বাড়ানোর বিষয়টি খুব ভালোভাবেই গ্রহণ করেছে এমিরেটসের যাত্রীরা। বর্তমানে এ এয়ারলাইনস প্রতি মাসে গড়ে ৪ লাখ ৫০ হাজার ব্যবহারকারী পায়। আগের বছরের একই সময়ের কথা চিন্তা করলে ২০২৩ সালে যা বৃদ্ধি পেয়েছে ৩০ শতাংশ।
বর্তমানে এমিরেটসের সব যাত্রীর প্রায় ১০ শতাংশ এমন কমপ্লিমেন্টারি অনবোর্ড ওয়াই-ফাই ব্যবহার করছে। তবে আমেরিকা হয়ে যাওয়া বিভিন্ন পথে যাত্রীদের প্রায় ২০ শতাংশ অনবোর্ড ওয়াই-ফাইয়ে সংযুক্ত হচ্ছে। অন্যদিকে ইউরোপীয় ও আফ্রিকার পথে চলাচলকারী সব যাত্রীদের ১১ শতাংশ এ সুবিধা ব্যবহার করছে।
এমিরেটসের রিটেইল, আইএফই অ্যান্ড কানেক্টিভিটির এসভিপি প্যাট্রিক ব্র্যানেলি বলেন, ‘এমিরেটস ক্রমাগত আমাদের পরিষেবা প্রদানকারীদের সঙ্গে কাজ করেছে যেন কানেক্টিভিটির অভিজ্ঞতা আরো বেশি আশা সৃষ্টিকারী ও উন্নত করা যায়। গত মার্চে আমাদের গ্রাহকদের প্রতি সেশনে ২০২২ সালের শুরুর দিকের তুলনায় ৫৫ শতাংশ বেশি ডাটা সরবরাহ করতে পেরেছি। যদিও এ একই সময়ে সেশনের সংখ্যা বেড়েছে ৬৮ শতাংশ।’
এমিরেটস আরো ঘোষণা করেছে তারা নতুন হাইস্পিডের ফ্লাইটের ভেতরের ব্রডব্যান্ড দেবে, যেটা ইনমারসাত’স জিএক্স এভিয়েশনের দ্বারা চালিত। তাছাড়া ২০২৪ সালের মধ্যে তাদের পরিষেবায় যুক্ত হবে নতুন ৫০টি এয়ারবাস এ৩৫০ এয়ারক্রাফট। নতুন এ চুক্তির ফলে অবশ্যই যাত্রীদের অভিজ্ঞতা আরো ভালো হবে, সেই সঙ্গে কানেক্টিভিটি বাড়বে অনেক বেশি।
হাই-স্পিড সক্ষমতার ব্রডব্যান্ডের কারণে এমিরেটসের যাত্রীরা তাদের পরিবার ও বন্ধুদের সঙ্গে যুক্ত থাকতে পারবে, ইন্টারনেট ব্রাউজ করতে পারবে, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারবে তাদের সিটে বসেই।










