জাপান চলতি বছরে এ পর্যন্ত ২০ হাজারেরও বেশি খাদ্য ও পানীয় পণ্যের দাম বাড়িয়েছে। গত বছরের তুলনায় জাপানে চলতি বছরে অধিক পণ্যের দাম বৃদ্ধিতে মূল্যস্ফীতি মোকাবেলায় হিমশিম খাচ্ছে জাপানের সাধারণ মানুষ। তেইককু ডাটাব্যাংকের সাম্প্রতিক এক জরিপে এ তথ্য উঠে এসেছে। ক্রেডিট রিসার্চ কোম্পানিটি বলছে, চলতি বছরে এ পর্যন্ত ২০ হাজারেরও বেশি পণ্যের দাম বেড়েছে। দ্রব্যমূল্যের লাগামহীন ঘোড়া ছুটতে থাকলে শরতের মধ্যেই তা ৩০ হাজার ছাড়াবে। গত মার্চে সর্বোচ্চ ৯ হাজার ৬৬৭ পণ্যের দাম বেড়েছে। এপ্রিলে বেড়েছে ৫ হাজার ১১৬ পণ্যের দাম। মেয়োনিজ ও ডিমের মতো বিভিন্ন খাদ্য উপকরণ ব্যয়বহুল হয়ে পড়েছে। এছাড়া দুধের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেড়েছে দই ও পনিরের দাম। এপ্রিলের শেষের দিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০৫ খাদ্য ও পানীয় কোম্পানি এবং অতালিকাভুক্ত ৯০টি কোম্পানির উপাত্ত বিশ্লেষণ করা হয়েছে জরিপে। কিয়োদো এজেন্সি।