স্বর্ণের বৈশ্বিক রফতানিতে শীর্ষস্থানীয় দেশ সুইজারল্যান্ড। গত মাসে দেশটির স্বর্ণ রফতানিতে উল্লম্ফন দেখা দেয়। তবে দেশটির স্বর্ণের প্রধান গন্তব্য চীনে রফতানি হ্রাস পেয়েছে। সুইজারল্যান্ডের শুল্ক বিভাগ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুনে চীন সব মিলিয়ে ১ লাখ ২৬ হাজার ৮৫১ কেজি স্বর্ণ রফতানি করে। মে মাসে রফতানি হয়েছিল ৮২ হাজার ৩১৫ কেজি। সে হিসাবে রফতানি বেড়েছে ৪৪ হাজার ৫৩৬ কেজি। গত বছরের জুনে রফতানি হয়েছিল ৯৬ হাজার ৪১৪ কেজি।
চীন ও ভারত বিশ্বের শীর্ষ স্বর্ণ ব্যবহারকারী দেশ। এর মধ্যে জুনে ভারতে রফতানি করা হয়েছে ৬ হাজার ২৯২ কেজি স্বর্ণ। এর আগের মাসে রফতানি হয় ২ হাজার ৩৭ কেজি। দেশটিতে এক মাসের তুলনায় রফতানি বাড়লেও বছরের শুরুর দিকের চেয়ে তা অনেক কম।
এদিকে চীনে মে মাসে ৩২ হাজার ৭৫০ কেজি স্বর্ণ রফতানি করা হলেও জুনে রফতানির পরিমাণ কমে ১৯ হাজার কেজিতে নেমে এসেছে। গত বছর করোনা মহামারীর প্রাদুর্ভাব দেখা দিলে ভারত ও চীনে স্বর্ণ রফতানিতে ধস নামে। এ বছরের শুরুর দিকে ভারতে রফতানি লক্ষ্যণীয় মাত্রায় বৃদ্ধি পায়। তবে দেশটিতে নভেল করোনাভাইরাসের নতুন ধরন আঘাত হানায় আবারো কমতে শুরু করেছে রফতানি।
এদিকে মহামারী তীব্র হতে থাকায় এশিয়ার বাজারে ক্রমাগত কমছে স্বর্ণের চাহিদা। ফলে সুইজারল্যান্ড এ অঞ্চলের পরিবর্তে ব্রিটেন ও যুক্তরাষ্ট্রে স্বর্ণ রফতানি বাড়াতে গুরুত্ব দিয়েছে।










