বিশ্ববাজারে ভালো দাম পাওয়ায় কৃষিপণ্য রফতানি বাড়িয়েছে কেনিয়া। ফলে চলতি বছরের প্রথমার্ধে দেশটির কৃষিপণ্য রফতানি আয় গত বছরের তুলনায় ঊর্ধ্বমুখী ছিল। কেনিয়ার কেন্দ্রীয় ব্যাংক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর গ্লোবাল টাইমস।

বছরের প্রথমার্ধে কেনিয়া ৬৭ কোটি ৫০ লাখ ডলার মূল্যের ৩ লাখ ৩৪ হাজার ৬৬৮ টন কৃষিপণ্য রফতানি করেছে। গত বছরের একই সময়ে রফতানি হয় ২ লাখ ৬৪ হাজার ২০৮ টন কৃষিপণ্য। এসব পণ্য থেকে আয় এসেছে ৫০ কোটি ৫০ লাখ ডলার।

জানুয়ারি-জুন পর্যন্ত পূর্ব আফ্রিকার দেশটি ২৪ হাজার ১৫৮ টন কফি রফতানি করে। রফতানীকৃত এসব কফি থেকে আয় এসেছে ১৪ কোটি ৯০ লাখ ডলার। গত বছরের একই সময়ে রফতানি হয়েছিল ২৫ হাজার ৩৮৩ টন কফি। এসব কফি থেকে আয় এসেছিল ১১ কোটি ৮০ লাখ ডলার।

কেনিয়ার কেন্দ্রীয় ব্যাংক জানায়, দেশটির চা রফতানি প্রায় অপরিবর্তিত ছিল। জানুয়ারি-জুন পর্যন্ত দেশটি ২ লাখ ৯৮ হাজার ৫৬৭ টন চা রফতানি করে। রফতানীকৃত চা থেকে আয় এসেছে ৬২ কোটি ৯০ লাখ ডলার। গত বছরের একই সময়ে রফতানির পরিমাণ ছিল ৩ লাখ ১ হাজার ৯৪২ টন।

বছরের প্রথমার্ধে কেনিয়ার কৃষিপণ্যের সবচেয়ে বড় বাজার ছিল ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো। তবে দেশটি এশিয়াসহ অন্যান্য অঞ্চলেও রফতানি বাড়িয়েছে।