পুঁজিবাজারে তালিকাভুক্ত ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের পর্ষদ সভা আজ অনুষ্ঠিত হবে। সভায় সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি লভ্যাংশ ঘোষণা করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 

ক্রিস্টাল ইন্স্যুরেন্স: কোম্পানিটির পর্ষদ সভা আজ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ১ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ২৫ পয়সায়। 

সর্বশেষ সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৭২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৮৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানির এনএভিপিএস দাঁড়ায় ২৪ টাকা ৩১ পয়সায়। 

সিটি জেনারেল ইন্স্যুরেন্স: কোম্পানিটির পর্ষদ সভা আজ বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সমাপ্ত ২০২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ২ টাকা ১২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৬১ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস বেড়েছে ৩৭ দশমিক ২৭ শতাংশ। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২০ টাকা ৪২ পয়সায়। 

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের সাড়ে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ২৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৬৮ পয়সা।