দেশের তিন স্থানে সফলভাবে আয়োজিত হয়েছে আলপনা উৎসব ‘আল্পনায় বৈশাখ ১৪৩১।’ দেশের সর্ববৃহৎ এ আলপনা উৎসব গত ১২ এপ্রিল প্রথমে শুরু হয় কিশোরগঞ্জের মিঠামইনে। মিঠামইনের জিরোপয়েন্ট থেকে অষ্টগ্রাম জিরোপয়েন্ট পর্যন্ত ১৪ কিলোমিটার সড়ক আলপনায় রাঙিয়ে তুলছেন শিল্পীরা, যার মাধ্যমে উদ্যোগ করা হচ্ছে বিশ্বের দীর্ঘতম আল্পনার রেকর্ড গড়ার। এরপর, গত ১৩ এপ্রিল খুলনার শিব বাড়ি মোড় ও ঢাকার মানিক মিয়া এভিনিউতেও একযোগে শুরু হয় এ উৎসব।

এশিয়াটিক এক্সপেরিয়েনশিয়াল মার্কেটিং লিমিটেড, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ও বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।

 আজ রোববার (১৪ এপ্রিল) মিঠামইন এলাকার আল্পনা অঙ্কন কার্যক্রম পরিদর্শন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ও বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান।




‘আল্পনায় বৈশাখ ১৪৩১’ -এর ঢাকার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান, এমপি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, এশিয়াটিক থ্রি-সিক্সটির চেয়ারম্যান আসাদুজ্জামান নূর, এমপি; গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর ইরেশ যাকের, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রূপালী চৌধুরী, চিফ অপারেটিং অফিসার ও ডিরেক্টর মো. মহসিন হাবিব চৌধুরী, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, চিফ হিউম্যান রিসোর্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ ও বরেণ্য শিল্পী মো. মনিরুজ্জামানসহ দেশের গণ্যমান্য ব্যক্তিরা।

খুলনার শিব বাড়ি মোড়ে এ আয়োজনে বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বিসিবির পরিচালক শেখ সোহেল; খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুকুল কুমার মৈত্র, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের ইন্টারনাল অডিট ডিরেক্টর মোহাম্মাদ মাহবুব ইসলাম, প্রতিষ্ঠানটির ক্লাস্টার ডেপুটি ডিরেক্টর মো. মারুফ হোসেন চৌধুরী; এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্রাঞ্চ ম্যানেজার শাকিল এম হুমায়ুন।




আয়োজন নিয়ে উচ্ছাস প্রকাশ করে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রূপালী চৌধুরী বলেন, দীর্ঘতম আলপনা আঁকার মাধ্যমে এই ওয়ার্ল্ড রেকর্ড প্রতিস্থাপনে বার্জারের অংশগ্রহণ আমাদের সীমানা ছাড়িয়ে এক ইতিহাস গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত নজির করে। আগামী বছরগুলোতেও আমরা এমন রঙিন এবং স্মরণীয় বৈশাখী উৎসবের প্রত্যাশা করছি।

আবারও ‘আল্পনায় বৈশাখ’ আয়োজনের সাক্ষী হতে পেরে আনন্দ প্রকাশ করে এশিয়াটিক থ্রি-সিক্সটির গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর ইরেশ যাকের বলেন, দেশব্যাপী এ আয়োজন বাঙালি সংস্কৃতিকে তুলে ধরা ও বাংলাদেশের সৃজনশীলতারই উদযাপন।

 বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং বিভিন্ন উৎসব উদযাপনে বাংলালিংক গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এ উদযাপনের কেন্দ্রবিন্দুতে রয়েছে পহেলা বৈশাখ—দেশের সবচেয়ে উল্লেখযোগ্য সাংস্কৃতিক আয়োজন। এ উৎসব আগামী প্রজন্মের জন্য বাংলাদেশের ঐতিহ্যের সংরক্ষণ ও প্রসারে বাংলালিংকের নিবেদনেরই প্রতিফলন।