প্রমোদতরীর অবয়বে আবাসন প্রকল্প চালু করতে যাচ্ছে দুবাইয়ের বাড়ি নির্মাতা প্রতিষ্ঠান সামানা ডেভেলপারস। সংশ্লিষ্টরা জানিয়েছে, গ্রিসের নির্মাণশৈলীর মাধ্যমে অনুপ্রাণিত হয়ে এবং প্রমোদতরী স্টাইলের আবাসিক প্রকল্প চালুর পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। ‘সামানা মাইকোনোস সিগনেচার প্রজেক্ট’ নামের প্রকল্পটি দুবাইয়ের আরজান অঞ্চলে অবস্থিত। যার লক্ষ্য দুবাইয়ের ক্রমবর্ধমান মিড-লেভেল লাক্সারি বা মধ্যম স্তরের বিলাসবহুল পরিষেবা প্রদান করা। দ্য ন্যাশনাল নিউজের তথ্যানুযায়ী, ৩০ কোটি দিরহাম বা ৮ কোটি ১৭ লাখ ডলার ব্যয়ে এটি নির্মিত হচ্ছে।

প্রকল্পটি দুবাইয়ের বিলাসবহুল হোটেলগুলোর ব্যয়ের তুলনায় সাশ্রয়ী বলে জানিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। ২৭৬ ইউনিট নিয়ে নির্মিতব্য ভবনটি সামানার চলতি বছর ঘোষিত তৃতীয় প্রকল্প। এটি ২০২৫ সালের অক্টোবরে পরিষেবায় যুক্ত হবে বলে আশা করা হচ্ছে। সামানা ডেভেলপারসের সিইও ইমরান ফারুক বলেন, ‘‌আজকের ক্রেতারা বুদ্ধিমান। তাদের কাছে প্রচুর বিকল্প রয়েছে। এজন্যই আমরা নতুন, টেকসই, পরিবেশবান্ধব ও সুলভ মূল্যের কিছু নিয়ে এসেছি।’ সামানা বাড়ি ক্রেতাদের জন্য একটি নতুন আয়-উৎপাদনকারী উদ্যোগ চালু করেছে। যার মাধ্যমে ক্রেতারা অ্যাপার্টমেন্টগুলোকে হলিডে হোম বা ছুটিকালীন বাড়ি হিসেবে ব্যবহার করতে পারে এবং এগুলো সাব-লিজ করতে পারে। এখানে বিনিয়োগ করে ৮-১৩ শতাংশ পর্যন্ত রিটার্ন করার সুযোগ রয়েছে এবং সামানা থেকে প্রতি বছর অতিরিক্ত ৮ শতাংশ অধিক মুনাফার সম্ভাবনা তো রয়েছেই। দ্য ন্যাশনাল