শিক্ষা ও শিল্পখাতের মধ্যে সংযোগ জোরদার করতে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) দুই দিনব্যাপী ন্যাশনাল ক্যারিয়ার ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ ও ১৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।

চাকরিদাতা প্রতিষ্ঠান ও চাকরিপ্রার্থীদের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য। এ আয়োজনের পরিবেশনায় ছিল বিজিএমইএ, কেডিএস ও প্রাইম ব্যাংক। সার্বিক সহযোগিতায় যুক্ত ছিল সেন্ট্রো, ফ্যাশন স্টেপ গ্রুপ, ফকির ফ্যাশন, শিন শিন গ্রুপ, এফপিজি ও মাসকো গ্রুপ, অকো টেক্স গ্রুপ, আরএইচ করপোরেশন এবং এশিয়ান অ্যাপারেলস লিমিটেড।

ফেস্টে তিন শতাধিক প্রতিষ্ঠান অংশ নেয়। এতে ১০ হাজারের বেশি চাকরিপ্রার্থী অংশগ্রহণ করেন। দুই দিনে প্রায় ৪০ হাজার দর্শনারীর উপস্থিতি দেখা যায়। চাকরিপ্রার্থীরা সরাসরি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেয়ার পাশাপাশি তাৎক্ষণিক সাক্ষাৎকার দেন। পাশাপাশি ক্যারিয়ার উন্নয়ন ও শিল্পখাতের প্রস্তুতি নিয়ে বিভিন্ন কর্মশালা, সেমিনার ও প্যানেল আলোচনায় অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী, বিকেএমইএর প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম, বিজিএমইএর সিনিয়র সহসভাপতি ইনামুল হক খান, বিজিএমইএর পরিচালক নাফিস উদ দৌলা ও মোহাম্মদ সোহেল, আইটিইটির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ সেলিম, সুইসটেক্স লিমিটেডের চেয়ারম্যান শিব্বির মাহমুদ, আইটিইটি অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক এহসানুল করিম কায়সার এবং প্রাইম ব্যাংক পিএলসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম এম মাহবুব হাসান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিইউএফটির উপদেষ্টা অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান। এছাড়া বক্তব্য দেন বিইউএফটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর হোসেন, ক্লাবের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মুকিত, ক্লাবের সভাপতি আবিদ হোসেন এবং সাধারণ সম্পাদক মাহমুদ ফানতাসি।

বক্তারা জানান, বর্তমান বৈশ্বিক কর্মবাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে ভাষা দক্ষতা, নেতৃত্বগুণ এবং পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেয়ার সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা মনে করেন, শুধু সনদ বা ডিগ্রি দীর্ঘমেয়াদে সাফল্যের জন্য যথেষ্ট নয়। পেশাগত জীবনে এগিয়ে যেতে শক্তিশালী যোগাযোগ দক্ষতা প্রয়োজন।

এ আয়োজনে গণমাধ্যম সহযোগী হিসেবে যুক্ত ছিল চ্যানেল ২৪, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, দৈনিক কালের কণ্ঠ, রেডিও টুডে, দ্য ডেইলি ক্যাম্পাস, টেক্সটাইল ফোকাস ও টেক্সটাইল টুডে।

—বিজ্ঞপ্তি